জঙ্গি সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আটক ২
জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। একই সঙ্গে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটক দুজন হলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমজাদুল ইসলাম ওরফে রাসেল (২৩) ও স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আজ সোমবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভা ও চরকাঁকড়া ইউনিয়নে নিজ নিজ বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ওসি সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক শওকত আলী সরকারের নেতৃত্বে একটি দল গতকাল থানায় এসে ওই দুই ছাত্রকে আটক করার বিষয়ে সহায়তা চান। সে অনুযায়ী তাঁদের সহায়তা দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাত সাড়ে ১২টার দিকে ইউনিটের সদস্যরা আটক দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই দুজনকে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে আটক করা হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য তাঁর জানা নেই।
আমজাদুল ইসলামের বড় ভাই ওষুধ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাইয়ের কোনো জঙ্গি সংগঠনে সম্পৃক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন। তবে সে জাকির নায়েকের ভক্ত ছিল। প্রায়ই তাঁর বক্তব্য শুনত।
আটক স্কুলছাত্রের নানি প্রথম আলোকে বলেন, রাত ১১টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁর নাতিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ধরে নিয়ে যায়। তাঁর নাতির কোনো মোবাইল ফোন নেই। মাঝে মাঝে মায়ের ফোন ব্যবহার করে। তাতে ফেসবুক ব্যবহার করা যায় না। পড়ালেখা ছাড়া বাইরের কারও সঙ্গে সে আড্ডা দিত না। সে কীভাবে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করবে?