জঙ্গি হুমকিতে থাকা বাগমারার হোমিও চিকিৎসকের মৃত্যু
জঙ্গি হামলার হুমকিতে থাকা রাজশাহীর বাগমারা উপজেলার হোমিও চিকিৎসক নীরেন্দ্রনাথ সরকার গতকাল সোমবার মারা গেছেন। হুমকির বিষয়টি জানার পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
বাগমারা থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাগমারা গ্রামের হোমিও চিকিৎসক নীরেন্দ্রনাথ সরকারকে (৫২) হত্যার পরিকল্পনা করে ‘আনসার রাজশাহী’ নামের একটি নতুন জঙ্গি সংগঠন। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রযুক্তি ব্যবহার করে বিষয়টি জানতে পারে। এরপর নীরেন্দ্রনাথের নিরাপত্তা বাড়ানো হয়। নিরাপত্তার স্বার্থে গত ৪ জুলাই থেকে কয়েক দিন তাঁকে বাগমারা থানা হেফাজতে রাখা হয়। পরে বাড়ি ফিরে গেলেও তাঁর ওপর নজর রাখে পুলিশ।
নীরেন্দ্রনাথের ছেলে জয় সরকার বলেন, জঙ্গিদের হুমকির বিষয়টি জানার পর তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোনোভাবেই অবস্থার উন্নতি হচ্ছিল না। ১ সেপ্টেম্বর তাঁকে বাড়িতে আনা হয়। গতকাল ভোরে তিনি মারা যান। দুপুরে লাশের সৎকার করা হয়েছে।