জঙ্গিদের অর্থবাহক ও আশ্রয়দাতা আটক: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে র‍্যাব-৪-এর একটি দল তাঁদের আটক করে। র‍্যাবের দাবি, আটকদের একজন অর্থ আনা-নেওয়া করতেন এবং অন্যজন জঙ্গিদের আশ্রয় দিতেন।

আটক দুজন হলেন নীলফামারীর আতিকুর রহমান (২১) ও বরিশালের খাদেমুল ইসলাম (২৮)।

আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবিরের ভাষ্য, গত ৮ অক্টোবর র‍্যাবের অভিযানে নিহত জঙ্গিনেতা আবদুর রহমান ওরফে সারোয়ার জাহানের নির্দেশে আটক আতিকুর রহমান বিভিন্ন এলাকায় অর্থ বহন করে নিয়ে যেতেন। আতিকুর গাজীপুরসহ কয়েকটি এলাকায় অর্থ দিয়ে আসেন এবং টঙ্গীর একটি বস্তিতে অর্থ দিতে গিয়ে খাদেমুল ইসলামের সঙ্গে পরিচিত হন। অন্যদিকে, প্রাথমিক পর্যায়ে ঘরছাড়া জঙ্গিদের আশ্রয় দেওয়ার দায়িত্বে ছিলেন আটক খাদেমুল। খাদেমুল তাঁর ছোট ভাই নাজমুলের মাধ্যমে জঙ্গিবাদের দিকে ঝোঁকেন।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আতিকুর রহমান ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ২০১৪ সালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে রংপুরে যান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে। ২০১৫ সালে তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে সমাজকর্ম বিভাগে ভর্তি হন। এখানে কিছুদিন ক্লাস করার পর অর্থাভাবে পড়ালেখা বন্ধ করে দেন। পরে এ বছরের জানুয়ারি মাসে ফেসবুকে তাঁর ফজলে রাব্বী নামের একজনের সঙ্গে পরিচয় হয়। পরে এই ফজলে রাব্বীর মাধ্যমেই আতিকুর রহমান জঙ্গিবাদে সম্পৃক্ত হন।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, উপপরিচালক রইসুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।