জঙ্গিদের কাছে বিস্ফোরক বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠনের কাছে রাসায়নিক পদার্থ ও বিস্ফোরক সরবরাহ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীও রয়েছেন।
ডিবি পুলিশ জানায়, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ (হুজি-বি) ও আনসারুল্লাহ বাংলা টিমের কাছে রাসায়নিক ও বিস্ফোরক সরবরাহের অভিযোগে চারজনকে গত বৃহস্পতিবার রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ল্যাব সহকারী গাজী মোহাম্মদ বাবুল, টিকাটুলির রাসায়নিক দ্রব্য বিক্রির তিন প্রতিষ্ঠান এশিয়া সায়েন্টিফিকের মালিক রিপন মোল্লা, ওয়েস্টার্ন সায়েন্টিফিক কোম্পানির মহিউদ্দিন ও এফএম কেমিক্যাল অ্যান্ড সন্সের নাসির উদ্দিন। গতকাল শুক্রবার দুপুরে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বেলা ১১টার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ৭ জুন ছয় কেজি বিস্ফোরকসহ হুজি-বি ও আনসারুল্লাহ বাংলা টিমের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এঁরা ওই নয়জনের কাছে বিস্ফোরকদ্রব্য বিক্রি করেছিলেন। টাকার জন্যই তাঁরা এ কাজ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
অভিযানের তত্ত্বাবধানকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়োর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিচয় দেওয়া একজনের কাছে তিনি সাড়ে নয় হাজার টাকায় পাঁচ শ গ্রাম রাসায়নিক দ্রব্য বিক্রি করেছিলেন। অথচ ওই পরিমাণ দ্রব্যের বাজারমূল্য পাঁচ হাজার টাকা। ল্যাব সহকারী দাবি করেন, একজনের সুপারিশে তিনি তা বিক্রি করেছেন।
ডিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ল্যাব সহকারী একবার নয়, নিয়মিত রাসায়নিক দ্রব্য বিক্রি করছিলেন। তবে তা কি শুধু টাকার জন্য না কি জঙ্গি সম্পৃক্ততার অংশ হিসেবে, তা খতিয়ে দেখা হবে। কোনো প্রতিষ্ঠানে রাসায়নিক দ্রব্য কিনতে হলে ওই প্রতিষ্ঠানের নির্ধারিত প্যাডে, প্রতিষ্ঠান প্রধানের সইসহ কাগজ জমা দেওয়ার নিয়ম। কিন্তু গ্রেপ্তার করা দোকান মালিকেরা এসব না মেনেই টাকার বিনিময়ে বিভিন্ন রাসায়নিক বিক্রি করেছেন।
এ চারজন কী ধরনের রাসায়নিক দ্রব্য বিক্রি করেছেন—এ প্রশ্নে ছানোয়ার হোসেন বলেন, ১০-১৫ ধরনের রাসায়নিক দ্রব্য আছে, যার মধ্যে কিছু রাসায়নিক দ্রব্য সরাসরি বিস্ফোরক হিসেবে কাজ করে। আবার কিছু দ্রব্য বিস্ফোরণে সহায়তা করে।
ডিবি জানায়, আগে তারা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ জঙ্গি গ্রেপ্তার করলেও এই প্রথম সরঞ্জামের উৎস শনাক্ত করতে পেরেছেন। এ ধরনের অপরাধ ঠেকাতে দেশের বিভিন্ন রাসায়নিক দ্রব্য বেচাকেনার দোকান ও ল্যাবগুলোর ওপর নজরদারি বাড়ানোরও চিন্তাভাবনা করা হচ্ছে।
ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার চারজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম গাজী ওরফে মিঠু, মনির গাজী ওরফে টুলু, তারা মিয়া ও আবুল কালাম। তাঁদের কাছ থেকে একটি রেডিও ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, এক জোড়া হাতকড়া ও একটি বোমা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এ এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডিবি পুলিশ পরিচয়ে লোকজনকে তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন।