জঙ্গিদের ভাড়া বাড়ির মালিক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের যে বাড়ি থেকে গ্রেনেড, চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন। বাড়ির মালিকের নাম রিদওয়ান উদ্দিন।

৭ মার্চ মঙ্গলবার কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ বাসে তল্লাশি চালাতে গেলে দ্রুত বাস থেকে নেমে যায় দুই জঙ্গি। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। পরে আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমি ও মাহমুদ হাসান নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। আহমেদ আজওয়াদের সাংগঠনিক বা ছদ্মনাম জসীমউদ্দীন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পরদিন ৮ মার্চ মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান মঞ্জিল নামে দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাসার নিচতলায় তারা ভাড়া থাকত।

বোমা উদ্ধারের ঘটনায় ওই দিন রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার বাদী হয়ে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় জসীমউদ্দীন, মো. হাসান এবং বাড়ির মালিক রিদওয়ান উদ্দিনসহ আটজনকে আসামি করা হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, দুই জঙ্গি ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন গত রোববার প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এদের মধে৵ বাড়ির মালিক রিদওয়ানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি দুজনকে আদালতে হাজির করা হয়নি। হাসানকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আহমেদ আজওয়াদ কুমিল্লা মেডিকেল হাসপাতালে কারারক্ষী ওয়ার্ডে চিকিৎসাধীন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার জঙ্গিদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য যাচাই-বাছাই করা হবে। বোমা তৈরির সরঞ্জাম কোথা থেকে কার মাধ্যমে সংগ্রহ করেছেন, তা জানতে চাওয়া হবে। তাঁদের অর্থের উৎস কী, বাড়ির মালিকের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক রয়েছে কি না—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কয়েক দিনের মধে৵ বাড়ির মালিককে কারাগার থেকে আনা হবে।