জঙ্গিদের লাশ এখনো মর্গে, ডিএনএর ফলের অপেক্ষায়
গুলশান ও কল্যাণপুরে নিহত ১৪ জঙ্গির লাশ এখনো হাসপাতালের মর্গে পড়ে আছে। ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের কারও কারও স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু মিলিয়ে দেখার কাজ শেষ হয়নি।
গত ২৬ জুলাই কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম ২৬’-এ নিহত নয় জঙ্গির লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযানে নিহত পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর শেফের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছে।
কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গিদের ছয়জনের অভিভাবকের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। অন্য দুজন ‘জঙ্গি’র অভিভাবকের সঙ্গে পুলিশ যোগাযোগ করলেও তাঁরা আসেননি। গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকেবলেন, ‘এর মধ্যে তিন-চারটি পরিবার এসে লাশ দেখে গেছে। নিখোঁজ থাকা স্বজনের সঙ্গে চেহারায় মিল না থাকায় তাঁরা ফিরে গেছেন। আমরা নয়জনের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলাম। আদালতের নির্দেশে সেগুলো পুলিশকে হস্তান্তর করেছি।’
২০ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নিবরাস ইসলাম, রোহান ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের ও সাইফুল চৌকিদারের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এর আগে বগুড়া থেকে খায়রুল ইসলাম (পায়েল) ও সফিকুল ইসলাম ওরফে উজ্জ্বলের স্বজনদের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় সিআইডির ডিএনএ ল্যাবে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও গণসংযোগ বিভাগের কমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হলি আর্টিজানে কমান্ডো অভিযানে নিহত ছয়জন ও কল্যাণপুরে নিহত জঙ্গিদের ছয়জনের অভিভাবকের ডিএনএ নেওয়া হয়েছে। তবে কোনোটির ফলাফল এখনো পাওয়া যায়নি।’
ঢাকার ‘জঙ্গি’দের পরিবারের সদস্যরা বলেন, ডিএনএ নমুনা সংগ্রহের আগে পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু এরপর আর যোগাযোগ হয়নি। সন্তানদের লাশ নিতে চাইলেও তাঁরা গতকাল পর্যন্ত কোনো আবেদন করেননি। বিপথগামী সন্তানের লাশ চেয়ে পুলিশের কাছে যেতে তাঁরা অস্বস্তি বোধ করছেন।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গত বুধবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, জঙ্গিদের কেউ ভালোবাসে না, এমনকি তাদের পরিবারের সদস্যরাও না। তাঁরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জঙ্গিদের লাশগুলোও কেউ নিতে আসছে না।