জঙ্গিদের সঙ্গে ডিবির বন্দুকযুদ্ধ, চাপাতির কোপে পরিদর্শক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের চাপাতির কোপে আহত ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী
জঙ্গিদের চাপাতির কোপে আহত ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় গতকাল শুক্রবার রাতে জঙ্গিদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় জঙ্গিদের চাপাতির কোপে ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী (৪২) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলেছে, রিমান্ডে থাকা জঙ্গিদের তথ্যের ভিত্তিতে ডিবি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় অভিযান চালাতে গেলে এই বন্দুকযুদ্ধ হয়। পরে পুলিশ ওই এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করে।
ডিবির সূত্র বলেছে, রিমান্ডে থাকা জঙ্গিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাতারকুলের আবদুল্লাহবাগে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জেএমবির আস্তানা আছে। এ তথ্যের ভিত্তিতে এক জঙ্গিকে সঙ্গে নিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে পরিদর্শক বাহাউদ্দিন ফারুকীর নেতৃত্বে ডিবি দক্ষিণ বিভাগের আট সদস্য ওই জঙ্গি আস্তানায় অভিযানে যান। সঙ্গে নেওয়া জঙ্গিকে ডিবির গাড়িতে বসিয়ে রেখে ডিবির দলটি বাড়িটির নিচতলার দরজার কড়া নাড়ে। এ সময় দরজা খুলে ১০-১২ জন জঙ্গি ডিবির দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
অভিযানে অংশ নেওয়া ডিবির এসআই মিজানুর রহমান বলেন, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই জঙ্গিরা গুলি ছোড়ে। তাঁরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে জঙ্গিরা ডিবির পরিদর্শক বাহাউদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। বাহাউদ্দিনের মাথায় গুরুতর জখম হয়েছে। তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়েছে।
আবাসিক এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দে বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবদুল্লাহবাগের বাসিন্দা সাজ্জাদ আলী বলেন, তিনি মসজিদ থেকে ফেরার পথে দেখেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। এ সময় তিনি দৌড়ে নিরাপদ আশ্রয়ে যান। এরপর অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে ওই বাড়ি ঘিরে ফেলে। তিনি বলেন, ওই বাড়িতে জঙ্গি রয়েছে এলাকাবাসী তা জানতেন না।
স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়ির মালিক একজন প্রকৌশলী। তিনি অন্যত্র থাকেন। পাঁচতলা ওই বাড়ির অধিকাংশই মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। নিচতলায়ও মেস।
খবর পেয়ে পুলিশের গুলশান বিভাগ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকায় যান। এরপর পুলিশ ওই বাড়ির নিচতলার মেস এবং এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করে। মেসটি থেকে একটি ল্যাপটপ, ছয়টি চাপাতি, বেশ কিছু গুলি, কয়েকটি পেনড্রাইভসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
রাত একটায় যোগাযোগ করা হলে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান প্রথম আলোকে বলেন, আটক দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরসহ কয়েকটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে।