জঙ্গিদের সন্দেহ করছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় দুটি জঙ্গি সংগঠন জড়িত বলে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দুটি সংগঠনের নাম জানানো হয়নি। ধর্মীয় বিষয় নিয়ে ফারুকীর ব্যাখ্যার কারণে এ হত্যা বলে ডিবির ধারণা।

গতকাল সোমবার ডিবির জনসংযোগ বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে হাত-পা বেঁধে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জ থেকে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, শুরুতে অনেক বিষয় সামনে রেখে মামলার তদন্ত করা হচ্ছিল। তবে এখন মনে হচ্ছে যে নুরুল ইসলাম ফারুকীর মতাদর্শের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে দুটি জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে। এখন জঙ্গি সংগঠন দুটির কারা ওই হত্যায় জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর গোপীবাগে ইমাম মাহদির সেনাপতি দাবিদার লুৎফুর রহমান ফারুকসহ ছয়জনকে হত্যার ঘটনা যাঁরা ঘটিয়েছে, তাঁরাই ফারুকীকে হত্যা করেছে বলে মনে হচ্ছে। উভয় ঘটনার ধরন একই রকমের।