জঙ্গিবাদ দমনে দরকার সাংস্কৃতিক বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই পৃথিবীর থেকে ওই আকাশ বড়, আকাশের থেকে বড় সূর্য তারা, সূর্যের থেকে আরও অনেক বড়, শাশ্বত মানুষের স্রোতের ধারা, সেই মানুষের গান মোরা গাই/ গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো, বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্বমানব দাঁড়াও রুখে’—এমন নানা গানে তীব্র ঘৃণা ও ক্ষোভ ফুটে ওঠে জঙ্গিবাদ ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী গণসংগীত শেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত।

গানের ফাঁকে ফাঁকে প্রতিবাদ জানান বরিশালের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা বলেন, জঙ্গিবাদ দমনে প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব। সে জন্য সংস্কৃতির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।

বক্তারা জাতীয় সংগীতের শেষ লাইনটি ‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ স্মরণ করিয়ে দিয়ে বলেন, আজ বাংলা মায়ের মুখ মলিন হয়ে আছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করে দেশ ও গোটা জাতিকে বিশ্বদরবারে ম্লান করার চেষ্টা চলছে। ইসলামধর্মে হত্যা নিষিদ্ধ হলেও জঙ্গিগোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে মসজিদ, মন্দির, হোটেল এমনকি ইদগাহে পর্যন্ত হত্যাকাণ্ড চালাচ্ছে। এই জঙ্গিবাদ মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলার সভাপতি বিশ্বনাথ দাস মুনশীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বরিশালের ২৬টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য কাজল ঘোষ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মারিফ আহম্মেদ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ সচিন কুমার রায়, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি নূরজাহান বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মজিবর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, সুজন বরিশালের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন করে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার নিন্দা জানায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল বিভাগীয় শাখা।