জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের অভিযোগে আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেএমবির সারোয়ার-তামিম’ গ্রুপের সদস্য সন্দেহে ১০ জনকে আটক করেছে র‍্যাব। তাঁদের মধ্যে সাতজন রাজধানীর উত্তরার লাইফ স্কুল ও স্কুলকেন্দ্রিক পাঠচক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

র‍্যাব গতকাল সোমবার কারওয়ান বাজারে তাঁদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। র‍্যাব বলেছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে নয়, আটক ব্যক্তিরা অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন।

র‍্যাব বলছে, র‍্যাব-৪-এর একটি দল উত্তরা ও কলাবাগানে অভিযান চালিয়ে এই ১০ জনকে আটক করে। তাঁরা হলেন লাইফ স্কুলের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, তাঁর ভাগনে ও সাবেক শিক্ষক মো. জিয়াউর রহমান, বর্তমান অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক শিক্ষক মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু সাদাত মো. সুলতান আল রাজী, আল মিজানুর রশিদ, মো. কৌশিক আদনান সোবহান ও মো. শাহরিয়ার ওয়াজেদ খান এবং জান্নাতুল মহল ও ক্ষুদ্র ব্যবসায়ী মেরাজ আলী।

র‍্যাবের ভাষ্য, লাইফ স্কুলের সাবেক ও বর্তমান চার শিক্ষক ছাড়া আটক অন্যদের মধ্যে সুলতান আল রাজী ও শাহরিয়ার ওয়াজেদ লাইফ স্কুলকেন্দ্রিক হালাকায় (ধর্মীয় পাঠচক্র) অংশ নিতেন। শাহরিয়ারের বন্ধু হলেন কৌশিক আদনান। জান্নাতুল মহল (৬০) লাইফ স্কুলের তৃতীয় তলায় হজ গমনেচ্ছু নারীদের ক্লাস নিতেন। ভ্যানে মালামাল বিক্রেতা মেরাজ আলী আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরীর সঙ্গে ‘হোম ডেলিভারির’ ব্যবসা করতেন। আল মিজানুরের সঙ্গে ‘নব্য জেএমবি’র নেতা নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের পরিচয় ছিল। আর এই পরিচয় করিয়ে দেন মেজর (অব.) আজমল। এই আজমল সম্পর্কে র‍্যাব কিছু বলেনি।

লাইফ স্কুলের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলামের স্ত্রী সোনিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের উত্তরার বাসা থেকে গতকাল ভোর পাঁচটার দিকে সাধারণ পোশাকের ছয়-সাত ব্যক্তি তাঁর স্বামীকে তুলে নিয়ে যান। পরিচয় জানতে চাইলেও তাঁরা তা দেখাননি। এর কিছুক্ষণ পর উত্তরার আরেক বাসা থেকে ভাগনে জিয়াউরকেও তুলে নিয়ে যাওয়া হয়।

গতকাল শরিফুল ইসলামের বাসায় গেলে বাড়ির দারোয়ান আবুল কাসেম (৭৫) বলেন, সাত ব্যক্তি এসে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শরিফুলের ফ্ল্যাটে নিয়ে যেতে বলেন। তখন তিনি (দারোয়ান) বাড়ির তত্ত্বাবধায়ককে ডাকতে চাইলে একজন তাঁকে গালি দিয়ে চড় মারেন। এরপর তিনি তাঁদের ওই ফ্ল্যাটে নিয়ে যান।

উত্তরায় মিজানুরের বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। দারোয়ান জাহিদুল ইসলাম বলেন, রোববার রাত ১১টা থেকে সোয়া ১১টার দিকে ১৮-২০ জন নিজেদের ‘ডিবির লোক’ পরিচয় দিয়ে তাঁকে ফটক খুলতে বাধ্য করেন। তাঁকে সঙ্গে নিয়ে মিজানুরের বাসায় যান। এরপর তাঁরা মিজানুরকে নিয়ে চলে যান।

গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, সন্দেহের ভিত্তিতে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের যোগাযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আটক ব্যক্তিরা লাইফ স্কুলে ‘হালাকা’র নামে অভিভাবক ও অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন। তাঁরা সরাসরি নাশকতা বা সংঘাতে যুক্ত ছিলেন না। দাওয়াতের মাধ্যমে সদস্যসংখ্যা বাড়ানোর চেষ্টা করতেন তাঁরা। গত রোববার প্রথম আলোয় ‘শিশুদের স্কুল ঘিরে জঙ্গি তৎপরতা’ শিরোনামে লাইফ স্কুল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, স্কুলের সাবেক দুজন শিক্ষক ফয়সাল হক ও মাঈনুল ইসলাম ওরফে মুসাকে পুলিশ খুঁজছে। এ ছাড়া নব্য জেএমবির নিহত দুই নেতা মেজর (অব.) জাহিদ ও তানভীর কাদেরীর যাতায়াত ছিল এই স্কুলে।

নাম প্রকাশে অনচ্ছিুক ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেছেন, লাইফ স্কুলকেন্দ্রিক সাতজনের সঙ্গে তাঁরা এর আগে কয়েক দফা কথা বলেছেন। তাঁদের কম্পিউটার, মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ইত্যাদি খতিয়ে দেখে তাঁদের গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নেয় পুলিশ। তিনি বলেন, তাঁদের একজন পুলিশের সন্দেহ ও নজরদারিতে ছিলেন।