জঙ্গিবাদে জড়ানোর অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৪
চিরকুট রেখে মিরপুর থেকে নিখোঁজ দুই তরুণের চারজন স্বজনকে সোমবার দুপুরের দিকে রাজধানীর মিরপুরের পর্বতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ককটেল, পেট্রল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ দুই তরুণ রাফিদ আল হাসান ও আয়াদ হাসান গত বছরের ৯ আগস্ট তাদের মিরপুরের বাসা থেকে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে বিমানবন্দর সড়কের ওপর বোমা বিস্ফোরণকারীর নাম আয়াদ। রাফিদ কোথায় আছে সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
মিরপুরের পর্বতা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, রাফিদ আল হাসানের বাবা তৌফিক হাসান, ভাই আহাম্মদ রাকিব আল হাসান ও মামাতো ভাই আরেফিন ইসলাম এবং তৌফিক হাসানের আত্মীয় শামসুল হক। মিরপুর মডেল থানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
রাফিদ ও আয়াদ মিরপুরের বাসা থেকে নিখোঁজ হওয়ার পর আয়াদের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় জিডি করেন। সেখানে তিনি তাঁর ছেলের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার জন্য আরেফিন ইসলামকে দায়ী করেছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আরেফিন জেল থেকে মাস কয়েক আগে জামিনে ছাড়া পান।
এ বিষয়ে কথা বলার জন্য রাফিদের মা নীলুফার আহমেদ ও আয়াদের মা মুনমুন আহমেদের বাসায় গিয়ে ও ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।