জঙ্গিবাদের প্রথম পাঠ সাইবার জগতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার জগতে ছড়িয়ে আছে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার সব ধরনের উপকরণ। বিস্ফোরক বানানোর প্রাথমিক কায়দাকানুনও এখানে সহজে পাওয়া যায়। তরুণদের যারা জঙ্গিবাদে জড়িয়েছে, তাদের অধিকাংশেরই প্রথম পাঠ হয়েছে এই সাইবার জগতে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় হলো সচেতনতা গড়ে তোলা।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় ‘সাইবার রেডিক্যালাইজেশন: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) গুলশানের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ব্রেনয়ে প্রেফন্তায়েনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাইবার জগতে জঙ্গিবাদের বিষয়বস্তুর ছড়াছড়ি নিয়ে কানাডার সরকারও চিন্তিত। এ থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে।

বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৮০ শতাংশই ফেসবুক ব্যবহারকারী। এর মধ্যে ৭৫ শতাংশেরই বয়স ১৩-২৫ বছর। এদের অধিকাংশই জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে।

বিআইপিএসএসের গবেষণা ফেলো সাফকাত মুনির বলেন, ২০১৬ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি মিনিটে ১৩টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। আর একজন সাধারণ মানুষ গড়ে ১৩ ঘণ্টা ফেসবুকে থাকে। এটা বড় আতঙ্কের বিষয়।

অন্যান্যের মধ্যে ভারতের সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড গেটওয়ে হাউসের পরিচালক সামীর পাতিল এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের প্রকল্প সহযোগী অপরূপা ভট্টাচার্য, ঢাকাস্থ ফ্রান্স, জার্মানি, কানাডা ও মার্কিন দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সাইবার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।