সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি পালন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জিনজিরা বাস রোড এলাকার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা করে কদমতলী গোলচত্বর এলাকায় এসে পথসভা করে। সভায় বক্তারা বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। নিরপরাধ মানুষ হত্যাকারীরা মুসলিম হতে পারে না। তারা ধর্মের নামে মানুষ হত্যায় মেতে উঠেছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সাকুর হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার প্রমুখ।