জঙ্গিবিরোধী মানববন্ধন ঘিরে ছাত্রলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম এবং চকবাজার থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ ব্যানারে নুরুল মোস্তফার অনুসারীরা জঙ্গিবাদবিরোধী এই মানববন্ধনের আয়োজন করে। যদিও এই কলেজে কোনো কমিটি নেই। এর আগে ২৪ জুলাই নুরুল আজিমের অনুসারীদের মানববন্ধন নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
আজকের গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম কলেজ ও এর বিপরীত পাশে অবস্থিত হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটেনি বলে দুই কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে।
গুলিবিদ্ধ তিনজন হলেন মোবারক উদ্দিন (২২), ইসমাইল হোসেন (২৬) ও ইমাম হোসেন (২২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, ইমাম হোসেনের পিঠে গুলি লেগেছে। অন্য দুজনের গুলি লেগেছে পায়ে। আহত ব্যক্তিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে উভয় পক্ষই। তবে তাঁরা কেউ চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী নন বলে জানান নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নুরুল মোস্তফার অনুসারী ছাত্রলীগের কর্মীরা আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে। চট্টগ্রাম কলেজ থেকে মিছিল করে তাঁরা প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যান। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কলেজের সামনে এসে মানববন্ধনটি শেষ হয়। এরপর কয়েকজন কলেজের ভেতর প্রবেশ করে। এ সময় নুরুল আজিমের অনুসারীরা নুরুল মোস্তফার অনুসারীদের কাছে বহিরাগত ব্যক্তিদের নিয়ে মানববন্ধন করার কারণ জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষের পর নুরুল আজিমের অনুসারীরা চট্টগ্রাম কলেজের ভেতরে এবং নুরুল মোস্তফার অনুসারীরা কলেজের সামনের সড়কে অবস্থান নেন।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা ও নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, ‘নুরুল মোস্তফার অনুসারীরা বহিরাগত ব্যক্তিদের নিয়ে মানববন্ধন করে। এর কারণ জানতে চাইলে তাঁরা আমাকেসহ কয়েকজনকে মারধর করে এবং একপর্যায়ে গুলিবর্ষণ করে। তাঁদের হামলায় আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এদিকে নুরুল আজিমের অনুসারীরা গুলিবর্ষণ করেছেন বলে পাল্টা অভিযোগ করেন নুরুল মোস্তফার অনুসারী ও চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা সুভাষ মল্লিক। তিনি বলেন, মানববন্ধন শেষ করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মাহমুদুল করিমসহ কয়েকজন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তাঁদের তিনজন আহত হয়েছেন।
বেলা তিনটার দিকে নগর পুলিশের একটি দল চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনে অবস্থান করা ছাত্রলীগ কর্মীদের বের করে দেন। কলেজ সড়কে অবস্থান নেওয়া নেতা-কর্মীদেরও সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও তাঁরা না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, মানববন্ধন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা গুলি করেছেন, তা তদন্ত করে খুঁজে বের করা হবে। তিনি বলেন, বারবার অনুরোধের পরও একটি পক্ষ সড়ক অবরোধ করে রাখেন। তাই তাঁদের সরাতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়।
হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী ও চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের কারণে কলেজের ক্লাস-পরীক্ষার ব্যাঘাত ঘটেনি।