জঙ্গিবিরোধী অভিযানে দুই পুলিশ ছুরিকাহত
সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে এসে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য ছুরিকাহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন: কনস্টেবল আব্দুস সালাম (৫৫) ও ইসমাইল হোসেন (৩৩)।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বুজরুক রাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে বুজরুক রাজারামপুর মহল্লায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে আসেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সন্ত্রাসীরা গোয়েন্দা পুলিশের সদস্য কনস্টেবল আব্দুস সালামকে (৫৫) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সালামকে রক্ষা করতে কনস্টেবল ইসমাইল এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকেও ছুরিকাঘাত করে। খবর পেয়ে গোদাগাড়ী থানা-পুলিশ দুই কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। কিন্তু আহত দুই কনস্টেবলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রাজশাহীতে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার পর ডিবি পুলিশের ওই দলের অন্য সদস্যরা এক সন্ত্রাসীকে আটক করেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সী প্রথম আলোকে জানান, বগুড়া ডিবি পুলিশকে তারা সহযোগিতা করেছেন। কিন্তু যাকে আটক করার হয়েছে, তার ব্যাপারে তারা কিছু জানেন না। বগুড়ার পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে তাও তারা জানে না। তারা আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যাপারে সহযোগিতা করেছেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত একজন পুলিশ সদস্য মুঠোফোনে জানিয়েছেন, আহতদের একজনের পেটে ও অপরজনের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। তারা হাসপাতালের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।