জজ আদালতের প্রাচীর ভেঙে বিপণিবিতান, পরে অপসারণ

সম্প্রতি লালমনিরহাট জেলা জজ আদালত ভবনের উত্তর-পশ্চিমের সীমানাপ্রাচীর ভেঙে জেলা আইনজীবী সমিতি বিপণিবিতান নির্মাণ করে। গত মার্চ মাস থেকে তারা এ নির্মাণ শুরু করে। তবে আদালতের নির্দেশে বিপণিবিতানটি গত ২২ মে থেকে অপসারণ শুরু করেছেন নির্মাণকারীরা।
আদালত সূত্রে জানা গেছে, জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ওই বিপণিবিতানটি অপসারণের জন্য গত ১৫ মে জেলা আইনজীবী সমিতিকে লিখিতভাবে নির্দেশ দেন। তিনি গত ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত ছুটিতে থাকার সময় আদালতের সীমানাপ্রাচীর ভেঙে এ বিপণিবিতানটির নির্মাণকাজ শুরু করেন জেলা আইনজীবী সমিতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি ছুটি থেকে কর্মস্থলে যোগদান করে গত ৯ মার্চ জেলা আইনজীবী সমিতিকে এ নির্মাণকাজের বৈধতাসংক্রান্ত কাগজপত্র ১৬ মার্চ তাঁর কাছে উপস্থাপনের জন্য বলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ময়জুল ইসলাম ১২ মার্চ এক পত্রে জায়গাটি জেলা পরিষদের উল্লেখ করে সেখানে আবেদনক্রমে ওই নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে জানান। এরপর জজ আদালতের পক্ষ থেকে গণপূর্ত বিভাগের কাছে গত ৮ মে ওই জমির মালিকানা বিষয়ে জানতে চাওয়া হলে ১১ মে লালমনিরহাট গণপূর্ত বিভাগ থেকে জানানো হয়, জেলা জজ আদালতের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১ একর ৯২ শতক ভূমিতে কারও মালিকানা নেই।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ (গত ২৬ মে চাকরি থেকে অবসর) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘গত ৯ মার্চ ও ১৫ মে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে এ বিষয়ে দুটি চিঠি দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই নির্মাণকাজের অবশিষ্ট কাজ বন্ধ রাখার লিখিত প্রতিশ্রুতি দিয়েও ওই নির্মাণকাজ চালিয়ে গেছেন। আমি প্রয়োজনে কঠোর হব এমন কথা বলার পর ২২ মে থেকে এর অপসারণ শুরু হয়। সবকিছু লিখিতভাবে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ময়জুল ইসলাম টিআইবির লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির সভাপতি পদেও রয়েছেন। বিষয়টি জানতে পেরে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য টিআইবির নির্বাহী পরিচালক গত ২৫ মে এর ব্যাখ্যা চেয়ে ময়জুলকে চিঠি দিয়েছেন।
এ ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আদালতের সীমানাপ্রাচীর ভেঙে বিপণিবিতান নির্মাণের সঙ্গে ময়জুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ বুধবার থেকে কার্যকর হবে।’
এ ব্যাপারে ময়জুল ইসলাম বলেন, ‘আমি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও টিআইবির লালমনিরহাট সনাকের সভাপতি হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে ওই স্থাপনা নির্মাণ করা হয়েছিল এবং জেলা ও দায়রা জজ স্যারের আকুল আবেদনে সাড়া দিয়ে তা অপসারণ করা হয়েছে। টিআইবি আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেও আমার সামাজিক কাজ অব্যাহত থাকবে।’