জট খোলেনি ৫৮ লাখ টাকা রহস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে উদ্ধার করা টাকা l ফাইল ছবি
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে উদ্ধার করা টাকা l ফাইল ছবি

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ইলিয়াছের কাছ থেকে উদ্ধার করা ৫৮ লাখ টাকার উৎস, গন্তব্যসহ ওঠা নানা প্রশ্ন এবং এ-সংক্রান্ত রহস্যের জট গতকাল বুধবার পর্যন্ত খোলেনি। এই টাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল—নগরজুড়ে এই কানাঘুষা ছড়িয়ে পড়লেও বিষয়টিতে স্পষ্ট করে কিছু বলছে না পুলিশ।
ঘটনায় জড়িত সন্দেহে তিন সার্ভেয়ারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে ওই আদালত ভবন বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ফোনটি পেয়েছিলেন সরকারের একজন কৌঁসুলি। ঘটনাটিতে সেদিন সকাল ১০টা থেকে ভবনটির নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে (৩২) ওই টাকাসহ আটক করে পুলিশ। ইলিয়াছের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, টাকাগুলো উদ্ধারের এক দিন পেরিয়ে গেলেও এর কোনো দাবিদার গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশের কাছে আসেননি। তবে ইলিয়াছের কাছ থেকে ভূমি অধিগ্রহণ শাখার কয়েক কর্মকর্তার নামসহ পুলিশ একটি কাগজ উদ্ধার করেছে। ইলিয়াছ আটক হওয়ার আগে ও পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম ওরফে মুরাদের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। কী কথা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
তা ছাড়া ইলিয়াছ নিজেকে ব্যবসায়ী দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ পুলিশ পায়নি। আবার উদ্ধার হওয়া টাকার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা থাকার কথাও অস্বীকার করেছেন সার্ভেয়ার শহীদুল। যদিও ইলিয়াছ আটক হওয়ার পর তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং এ বিষয়ে পুলিশের সঙ্গে কথাও বলেন বলে জানা গেছে।
কাগজে সার্ভেয়ারসহ কয়েকজন কর্মকর্তার নাম থাকার বিষয়টি নিশ্চিত করে ওই ঘটনার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ‘তদন্তের স্বার্থে তাঁদের নাম এখন প্রকাশ করা যাচ্ছে না। রিমান্ডে এনে ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মুঠোফোনে ইলিয়াছ ও শহীদুলের কী কথা হয়েছে তা-ও যাচাই-বাছাই করে দেখা হবে।’
তিন সার্ভেয়ারকে বদলি: ভূমি অধিগ্রহণ শাখার তিন সার্ভেয়ারকে গতকাল তাক্ষণিকভাবে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, টাকা উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের বদলি করা হয়।
এই তিন ব্যক্তির মধ্যে মোহাম্মদ নূর চৌধুরীকে রাঙামাটির লংগদু এবং শহীদুল ইসলাম ও মজিবুর রহমানকে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সই করা এক চিঠিতে বদলির আদেশ দেওয়া হয় তাঁদের। তবে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তদন্ত কমিটি গঠন: উদ্ধার করা টাকা জেলা প্রশাসনের সার্ভেয়ার ও কর্মকর্তাদের কাছে আনা হচ্ছিল বলে অভিযোগ ওঠায় গতকাল এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, এর পাশাপাশি পুলিশও তদন্ত করছে। কারও বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হোসাইনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
উদ্ধার টাকার রহস্য উদ্ঘাটনে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ এ তথ্য জানান।
ইলিয়াছের বিরুদ্ধে রিমান্ডের আবেদন: ইলিয়াছকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান। বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার আজ বৃহস্পতিবার নতুন করে শুনানির দিন ধার্য করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আদালত বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন। গতকালের শুনানির পর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলিয়াছকে।
ইলিয়াছের পরিচয়: ওদিকে গত মঙ্গলবার রাতে ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ২০০১ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন তিনি। বাবার নাম মজিবুর রহমান মাস্টার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরখা ইউনিয়নের ভুঁইয়াবাড়িতে তাঁদের বাসস্থান। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মাঝেমধ্যে আসা-যাওয়া করেন তিনি। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তাঁর মাছ ও ঠিকাদারির ব্যবসা রয়েছে। বড় ভাই দক্ষিণ কোরিয়াপ্রবাসী। তবে এসআই কামরুজ্জামান বলেন, ইলিয়াছের কোনো ব্যবসা-বাণিজ্য কিংবা ঠিকাদারি নেই। পরিবারের সঙ্গেও তাঁর তেমন যোগাযোগ নেই।
কাগজে যা লেখা আছে: ইলিয়াছের কাছ থেকে গত মঙ্গলবার রাতে আলোচিত কাগজটি উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি বলেন, কাগজে ভূমি অধিগ্রহণ শাখার কয়েকজন কানুনগো ও সার্ভেয়ারের নাম এবং কোন প্রকল্পে কারা কাজ করছেন, তা উল্লেখ রয়েছে।