জড়িত কেউ শনাক্ত হয়নি শারীরিক অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাঁর গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতিতে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তাঁর মেয়ে আমিনা রহমান।
১৩ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে বাসায় ফেরার পথে গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছে হামলার শিকার হন রিয়াজ রহমান। দুর্বৃত্তরা গুলি করলে তাঁর কোমরে ও পায়ে চারটি গুলি লাগে। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, গুলির দাগ থাকলেও তাঁর শরীরে ধাতব কিছু পাওয়া যায়নি। ধারণা করা হয়, গুলি বের হয়ে গেছে। তাঁর গাড়িটিও পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ হামলার ঘটনায় পরিবারের লোকজন মামলা করেননি। এ কারণে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ওই ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। মামলাটি ডিবিতে হস্তান্তরের জন্য ইতিমধ্যে আদেশ হয়েছে। এখন শুধু থানা থেকে নথিপত্র ডিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের কাজটি বাকি আছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, একটি ভবনের নিরাপত্তা ক্যামেরায় ঘটনার কিছু দৃশ্য ধরা পড়েছিল। এতে দেখা গেছে, কয়েকজন যুবক ঘটনার পরপরই মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছেন। কিন্তু ওই দৃশ্য অস্পষ্ট এবং মোটরসাইকেলের আরোহীদের মাথায় হেলমেট থাকায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) পুষ্পেন দেবনাথ বলেন, ‘ঘটনার পর থেকেই থানা-পুলিশের পাশাপাশি ডিবি ও র্যা ব ঘটনার তদন্তে কাজ করছে। তাদের তদন্তেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আশা করছি, ডিবিতে আরও অধিকতর তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনের মুখোমুখি করা সম্ভব হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তে তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাঁরা রিয়াজ রহমানের গাড়িচালকের সঙ্গে কথা বলতে পারেননি।
এসব বিষয়ে জানতে চাইলে রিয়াজ রহমানের মেয়ে আমিনা রহমান প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে কিছুই ধারণা করতে পারছি না। তাই আমাদের এখন বলার কিছু নেই।’ গাড়িচালকের বিষয়ে তিনি বলেন, ‘সে তো ঘটনায় জড়িত না। সে কোথায় আছে আমরাও জানি না।’
রিয়াজ রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আমিনা রহমান বলেন, ‘বাবা এখন তুলনামূলকভাবে ভালো আছেন। দিন দিন তাঁর শারীরিক উন্নতি ঘটছে।’