চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা মোজাফফর আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবু আহমেদ বলেন, মোজাফফর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এজাহারে তাঁর নাম নেই। এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর ন্যূনতম সম্পর্ক নেই। অথচ স্বাধীনতাবিরোধী চক্র এ নৃশংস ঘটনায় তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে আবু আহমেদ আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আশির দশক থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসছে। এর ধারাবাহিকতায় মোজাফফর খুনের ঘটনায় আমাকে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছরের ৪ অক্টোবর চন্দনাইশে মোজাফফর আহমদের বাড়ি গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন মোজাফফর। গত বছরের ৯ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনার জন্য নিহত মোজাফফরের পরিবার আবু আহমদকে দায়ী করে আসছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলন করেন আবু আহমেদ।