জড়িত থাকার অভিযোগে আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের শিশু মানিক হোসেনকে (৩) অপহরণ ও তাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। তাঁদের গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাহেরচরের আকরাম হোসেন (৫০) ও তাঁর ছেলে ভাসানী (৩০)। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ।
র্যা ব-৪ সূত্র জানায়, গত ৩০ জুন বাহেরচরের শফিকুল ইসলামের ছেলে মানিককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এর পাঁচ দিন পর বাড়ির পাশে একটি ডোবার ধারে মানিকের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় মানিকের বাবা সাভার মডেল থানায় মামলা করেন। মামলার পর সাভার মডেল থানার পুলিশ গত ২৬ জুলাই একই এলাকার রমজান আলী (৫৫), মিলন (২০) ও হানিফ আলী (৪০) নামের তিনজনকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, রমজান আলী গত ২৭ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মানিককে হত্যার দায় স্বীকার করেন।
র্যা ব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদুর রহমান বলেন, রমজানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে সাভারের ট্যানারি শিল্প এলাকা থেকে গত বুধবার রাতে আকরামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ভাসানীকে।