চট্টগ্রামে বেসরকারি নিরাপত্তা এজেন্সি গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয় থেকে তিন কোটি টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দুই কর্মচারী হলেন রফিকুল ইসলাম ও রবিউল হোসেন। চুরির ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা তারিক মনসুর বাদী হয়ে নগরের খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, চুরির ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীই চুরির সঙ্গে জড়িত। তাঁদের জিজ্ঞাসাবাদ করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার এসআই রাসেল মিয়া প্রথম আলোকে জানান, রোববার ভোররাতে নগরের খুলশী চার নম্বর সড়কে গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। রাতে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ে চুরির বিষয়টি। তাতে দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তি চাবি দিয়ে আলমারি খুলে সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছেন। পরে আলমারি খুলে দেখা যায়, সেখান থেকে তিন কোটি টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে তারিক মনসুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল দুপুরে ঘটনাস্থলে ছবি তুলতে গেলে নিরাপত্তাকর্মীরা কাউকে ঢুকতে দেননি।