জড়িত সন্দেহে দুই 'বাংলাদেশি' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলের একাত্তর বছর বয়েসী খ্রিষ্টান সন্ন্যাসিনীকে (নান) গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ওই দুজনই বাংলাদেশি। খবর পিটিআইর।

এ সম্পর্কে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) এস ডব্লিউ রেজা বলেন, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাটোল সীমান্ত এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন মুকুল আলম (২৮) ও মো. মজিদ (২৯)।

দুজনের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। ১৪ মার্চ সিসিটিভিতে ধারণ করা ছবির সঙ্গে এঁদের একজনের চেহারা প্রায় ৭৫ শতাংশ মিল পাওয়া গেছে। সিআইডি কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।

ধর্ষণের ওই ঘটনায় জড়িত সন্দেহে এর আগে ১৮ জনকে আটক করে পুলিশ। কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার কোনো কূলকিনারা পায়নি পুলিশ।

এদিকে কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নান গত বৃহস্পতিবার গভীর রাতে রানাঘাটের হাসপাতাল ত্যাগ করেন। তাঁকে প্রথমে দমদম বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে সকালে তিনি বিমানে কলকাতা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান।