জড়িতদের গ্রেপ্তারের দাবি তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল হামলার ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত রোববার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 ওই হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে জয়পুরহাট পৌর আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করেছে। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ও প্রশাসনকে হামলাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি
জানানো হয়।

গত রোববার বিকেলে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ১৪ দলের শান্তি সমাবেশে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আওয়ামী লীগের স্থানীয় ১৯ নেতা-কর্মী আহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং জয়পুরহাট জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

 জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে কেউ মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। তিনি আরও জানান, সদর উপজেলা থেকে গত রোববার রাতে পাঁচজনকে নাশকতার আশঙ্কায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ককটেল হামলার ঘটনা তদন্তে রোববার রাতেই জেলা প্রশাসক আবদুর রহিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতুন চন্দ্র কুন্ডুকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। জেলা প্রশাসক জানান, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অপর দুজন সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানা।

হামলার প্রতিবাদে গতকাল সকালে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত ককটেল নয়, বোমা হামলা চালিয়েছে। এখন থেকে বিএনপি-জামায়াতকে জয়পুরহাটের মাটিতে আন্দোলনের নামে আর কোনো নাশকতা করতে দেওয়া হবে না। পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী এ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।

গত রোববারের ঘটনার পর গতকাল সোমবার ২০-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে হরতাল ও অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।