বাগেরহাটের রামপালে এক বিধবা নারীকে (৩২) অপহরণের পর ধর্ষণের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন।
সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের সাধনার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ, মহিলা হিন্দু পরিষদ ও আইনজীবী পরিষদ। মানববন্ধন শেষে সংগঠনের নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
পরে জেলা মহিলা পরিষদ, চেম্বার অব কমার্স, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও হিন্দু মহাজোটের নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে সংগঠনের নেতারা ধর্মীয় অনুষ্ঠানস্থলের পাশ থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপ্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন ব্যানার্জি, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী, বাগেরহাট চেম্বার অব কমার্সের সহসভাপতি সরদার ওমর ফারুক, মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার ও ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ সাহা।
১২ মার্চ রামপাল উপজেলার একটি গ্রামে ধর্মীয় (মহানামযজ্ঞ) অনুষ্ঠানস্থলের পাশ থেকে চার দুর্বৃত্ত ওই নারীকে তুলে নৌকায় নিয়ে ধর্ষণ করে। ১৭ মার্চ রামপালের একটি গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তিনি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।