রংপুরে বৃদ্ধা অ্যাসিড সন্ত্রাসের শিকার

রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টায় বাধা দেওয়ার সময় দাদিকে (৫৫) অ্যাসিডে ঝলসে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যেগে প্রথম আলো বন্ধুসভা এই মানববন্ধনের আয়োজন করে।
বেলা ১১টা প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত রাংগা, সমাজকল্যাণ স্কুল ও কলেজের শিক্ষক খায়রুল ইসলাম, সাংবাদিক আব্দুস সাহেদ, প্রথম আলোর কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল প্রমুখ।
পীরগাছা উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কতিপয় যুবক উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে সে সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে তার দাদি ঘর থেকে বের হয়ে অপহরণকারীদের বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে যায়। রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।
পীরগাছা ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃদ্ধার ছেলে ১৯ মার্চ ওই এলাকার যুবক এনামুল হক (২০) ও পলাশ মিয়াসহ (২০) অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন। সন্ত্রাসীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।