জনগণের উদ্যোগে নির্মাণাধীন সেতুর কাজ টাকার অভাবে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাতায়াতের দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থানীয় জনগণের উদ্যোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মানাস নদের ওপর সেতু নির্মাণ শুরু হলেও অর্থের অভাবে এক বছর ধরে কাজ বন্ধ রয়েছে। এর ফলে পাশের বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে স্থানীয় জনসাধারণ।

জনগণের সহযোগিতায় সেতুটির ৩০টি পিলার নির্মাণে ইতিমধ্যে ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন দরকার আরও ৭ লাখ টাকা। 

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় জনগণের উদ্যোগে মানাস নদের ওপর ওই সেতুর নির্মাণ ২০১১ সালের জানুয়ারি থেকে শুরু হয়। সেতুটির দৈর্ঘ্য ২৫০ ফুট ও প্রস্থ ৯ ফুট। আনুমানিক ব্যয় ধরা হয় ১৯ লাখ টাকা। ইতিমধ্যে ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। অর্থের অভাবে এটির নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ রয়েছে। এলাকাটি উপজেলা বন্দর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। মানাস নদের ওপারের গঙ্গাচড়ার শেখপাড়া, তালপট্টি, ভাটিয়াপাড়া, কামদেব ও নরসিংহ—এ পাঁচটি গ্রামের মানুষ এ সেতু দিয়ে কাউনিয়ার হারাগাছে যাতায়াত করে। এসব গ্রামের শিক্ষার্থীরা হারাগাছ পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। 

ওই পাঁচ গ্রামের প্রায় ছয় হাজার লোক তাদের যাতায়াতের সুবিধার জন্য মানাস নদের ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করে বছরের পর বছর ধরে চলাচল করে আসছে। কিন্তু ওই বাঁশের সাঁকোটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

কামদেব এলাকার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই সেতু নির্মাণে এলাকার জনগণ টাকা দিয়েছে। সব পিলার নির্মাণ হওয়ার পর এখন টাকা নেই। তাই সেতুর নির্মাণকাজও বন্ধ রয়েছে।’

ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বলেন, ‘এখানকার পাঁচটি গ্রামের ছাত্রছাত্রীদের জন্য আশপাশোত কোনো স্কুল নাই। উপজেলা বন্দরও অনেক দূর। এটে ব্রিজটা হইলে হারাগাছ যাওয়া খুব সহজ। তাই গ্রামের মানুষ উদ্যোগ নিয়া এটে একটা পাকা সেতু নির্মাণের কাজ শুরু করা হইলেও টাকা না থাকায় এলা বন্ধ হয়া গেইছে কাজ।’

জনগণের উদ্যোগে এই সেতু নির্মাণে ১১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটির সভাপতি ও প্রধান উদ্যোক্তা পল্লি চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এখানে একটি সেতু নির্মাণের কাজ শুরু করা হয়। তবে টাকার অভাবে তা এক বছর থেকে বন্ধ রয়েছে।’

মর্ণেয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘ওই গ্রামগুলোর মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। এ অবস্থা থেকে রেহাই পেতে গ্রামবাসী নিজেদের উদ্যোগে একটি সেতুর নির্মাণকাজও শুরু করেছিলেন। কিন্তু অর্থের সংকটে আপাতত কাজ বন্ধ রয়েছে।’