জনজীবন প্রায় স্বাভাবিক, আটক ১৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল বুধবার মানুষের জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। কোথাও তেমন সহিংসতার ঘটনা ঘটেনি। দূরপাল্লার বাস না ছাড়লেও রেল ও লঞ্চ চলাচল করেছে। সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল অনেকটাই কম। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খোলা ছিল।
বিভিন্ন স্থানে মিছিল করে হরতাল-সমর্থকেরা। পোড়ানো হয়েছে কয়েকটি গাড়ি। নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে আহত হয়েছেন একজন পিকআপ ভ্যানচালক। বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে একজন পিকেটার। গাইবান্ধায় উদ্ধার করা হয়েছে ২৫টি পেট্রলবোমা। নাশকতার আশঙ্কা ও পিকেটিংয়ের অভিযোগে ১৩০ জনকে আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে গতকাল ও আজ বৃহস্পতিবার দুদিনের এই হরতাল ডাকা হয়।
রাজধানীর পরিস্থিতি: নিজস্ব প্রতিবেদক জানান, বছরের শেষ দিনের হরতাল রাজধানীতে গা-ছাড়াভাবে পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে গেন্ডারিয়ায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে গাড়িটিতে আগুন লাগানো হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের পাশে শ্রাবণ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই কেউ হতাহত হয়নি।
সকালের অফিস সময়ে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, তালতলা, কল্যাণপুর, শ্যামলীসহ বিভিন্ন স্থানে প্রচুর মানুষকে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাই বাসগুলোতে ছিল ভিড়। হরতালের বিরোধিতা করে বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। তবে হরতালের পক্ষে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
ঢাকার বাইরের দৃশ্য: গাজীপুরে সকালে টঙ্গী চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলকারীরা কয়েকটি হাতবোমা ফাটিয়ে ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করে পুলিশ। এ নিয়ে হরতাল আহ্বানের পর থেকে জামায়াত-শিবিরের নয়জন কর্মীকে আটক করা হলো। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করিম বলেন, মঙ্গলবার রাতে হরতাল-সমর্থকেরা চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস সড়ক মোড়ে দুটি বাস পুড়িয়ে দিয়েছে।
রাজশাহীতে হরতালের মধ্যে টহলরত পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে। মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, নগরের বাজে কাজলা এলাকায় একটি গলির ভেতর থেকে এই বোমা ছোড়ে দুর্বৃত্তরা। বোমাটি গাড়ির পাশে বিকট শব্দে বিস্ফোরিত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া সকালে নওদাপাড়া এলাকায় আলিফ-লাম-মিম ভাটার মোড়ে রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা।
চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় দুটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই এলাকায় গাড়িতে চোরাগোপ্তা হামলা চালায় পিকেটাররা। এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িতে আগুন দেখে মহাসড়কের অন্য গাড়িচালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন এলোপাতাড়ি গাড়ি চালাতে গিয়ে শুরু হয় যানজট। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নোয়াখালীতে হরতাল চলাকালে ইটের আঘাতে স্কুলশিক্ষিকা নিহত হওয়ার দুই দিনের মাথায় মো. সোহাগ (৩৫) নামের একজন পিকআপ ভ্যানচালক ইটের আঘাতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা নোয়াখালী গেট এলাকায় পিকেটিং করে। এ সময় একটি পিকআপ ভ্যান তাদের সামনে পড়লে তারা সেটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে চালক সোহাগের মাথা ফেটে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকা থেকে দুপুরে পরিত্যক্ত অবস্থায় ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যা ব। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের পাশে এক খড়ের পালায় স্কুলব্যাগে রাখা ছিল এই বোমাগুলো। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বরিশাল নগরের বান্দ রোড এলাকার স্টেডিয়ামের সামনে পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) কনস্টেবল জয়নাল আবেদীনকে কামড়ে পালায় এক হরতাল-সমর্থক। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে ওই স্থানে মিছিল ও সড়কে আগুন জ্বালানোর চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ এতে বাধা দিলে মারমুখী হয়ে ওঠেন তাঁরা। একপর্যায়ে শিবিরের এক কর্মীকে জাপটে ধরেন জয়নাল। এ সময় জয়নালের হাতে কামড় বসিয়ে পালিয়ে যান তিনি।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. ইব্রাহিম ফকিরসহ (৪৫) ১১ জন জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, নাশকতা সৃষ্টির আশঙ্কায় গতকাল সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে গতকাল ভোররাতে জামায়াতের তিন সমর্থককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন: সদর উপজেলার কান্দিগাঁও গ্রামের মইন উদ্দিন, জামালগঞ্জ উপজেলার প্রকাশনগর গ্রামের মো. নুরুজ্জামান ও ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের পাপ্পু মিয়া।
মাগুরায় মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জামায়াত-শিবির ও বিএনপির নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন জামায়াতের আমির শামীম হোসেন (৪০) ও শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়ন জামায়াতের আমির লাল মুহাম্মদ (৬৫) রয়েছেন। সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, তাঁদের পাঁচজনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। চারজনকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গ্রেপ্তার করা হয়।
পাবনায় হরতালের সমর্থনে কোথাও মিছিল-পিকেটিং হয়নি। তবে মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। হরতালের আগের রাতে বিভিন্ন উপজেলা থেকে পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৯ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সদর, কলারোয়া, তালা, কালীগঞ্জ, শ্যামনগর ও দেবহাটা উপজেলা থেকে তিনজন করে এবং পাটকেলঘাটা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার চারজন, সিঙ্গাইরের একজন, হরিরামপুরের একজন, সাটুরিয়ার একজন ও ঘিওর উপজেলার একজন রয়েছেন।
লক্ষ্মীপুরে মিয়ার রাস্তায় ও মজিদ মাস্টার বাড়ি এলাকায় সকালে রাস্তায় পানির পাইপ ফেলে অবরোধ সৃষ্টি করে মিছিল করে হরতাল-সমর্থকেরা। এ সময় পুলিশ রাকিব হোসেন ও পারভেজ হোসেন নামের দুজনকে আটক করে।
সিলেট নগরের শেখঘাট কাজিরবাজার সেতু এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে হরতাল-সমর্থকেরা একটি মিছিল বের করার চেষ্টা করে। একই সময় বন্দরবাজার থেকে ছাত্রলীগ মিছিল করে শেখঘাট এলাকার দিকে রওনা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হরতাল-সমর্থকদের তাড়িয়ে দেয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও সিলেট; রাজশাহী, পাবনা, বরিশাল, সুনামগঞ্জ ও নোয়াখালী অফিস এবং গাজীপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, সীতাকুণ্ড (চট্টগ্রাম), গাইবান্ধা, মাগুরা, নড়াইল প্রতিনিধি}