জনতা ব্যাংকের নয় কর্মকর্তাকে দুদকে তলব
হল-মার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধান প্রক্রিয়ার শুরুতেই জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকসহ (জিএম) নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ও হল-মার্কের নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে গঠিত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলী আজ বুধবার তাঁদের এ নোটিশ পাঠান।
দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তলবি নোটিশের মাধ্যমেই কার্যত তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু হলো। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো চিঠিতে তলবকৃতদের আগামী ১০ ও ১১ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
জনতা ব্যাংক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল্লাহ-আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ অফিসার জেসমিন খাতুন, এক্সিকিউটিভ অফিসার জিনিয়া জেসমিন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার, রপ্তানি) জেসমিন আখতারকে ১০ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
বাকি চারজনকে ১১ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। এঁরা হচ্ছেন ব্যাংকটির একই শাখার জিএম আব্দুছ ছালাম আজাদ, ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল, ডিজিএম আজমুল হক ও এজিএম মো. ফায়েজুর রহমান ভূঁইয়া।
গতকাল মঙ্গলবার হল-মার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের প্রায় দেড় হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনা অনুসন্ধানে আগের অনুসন্ধান দলটি পুনর্গঠন করে দুদক। পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের এ দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, সহকারী পরিচালক মো. নাজমুস সাদাত, সেলিনা আখতার মণি, উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ও রাফী মো. নাজমুস্ সা’দৎ। দলটিকে বিধি মোতাবেক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বেই আট সদস্যের একটি দল প্রায় দুই বছর আগে হল-মার্ক কেলেঙ্কারির ফান্ডেড অংশের অনুসন্ধান ও তদন্ত শেষ করে।
দুদক সূত্র জানায়, হল-মার্কসহ ছয়টি কোম্পানি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৫৬৯ কোটি টাকা আত্মসাৎ করে। এ কেলেঙ্কারি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে ২০১২ সালে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে সোনালী ব্যাংকের পরিশোধ করা ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ূন কবির, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করে দুদক। হল-মার্কের এমডি তানভীরসহ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে। এ কে এম আজিজুর রহমান মারা গেছেন। এসব মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়। ৩৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাকি পাঁচ কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে ২৭টি।
কিন্তু ভুয়া কাগজপত্র তৈরি করে হল-মার্ককে মালামাল সরবরাহের নামে নন-ফান্ডেড দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এত দিন অনুসন্ধান শুরু করা যায়নি। এ কারণে দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারির পূর্ণাঙ্গ অনুসন্ধান আজও শেষ করা যায়নি।
হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রতিষ্ঠানটির (হল-মার্ক) নামে বিপুল পরিমাণ অর্থছাড়ের পাশাপাশি পণ্য সরবরাহের নামে কিছু বিলের বিপরীতে ৩৭টি বাণিজ্যিক ব্যাংক থেকেও অর্থ তুলে নেওয়া হয়। বিলগুলোর বিপরীতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ওই সব বাণিজ্যিক ব্যাংককে স্বীকৃতিপত্র দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কের নামে যে পরিমাণ অর্থছাড় হয়েছে, সেটা ফান্ডেড। আর এ প্রক্রিয়ায় অন্য ব্যাংক সোনালী ব্যাংকের কাছে যা পাবে, তা নন-ফান্ডেড। সোনালী ব্যাংকের তদন্তে নন-ফান্ডেড অংশের দেড় হাজার কোটি টাকার বিপরীতে মোট ২ হাজার ১৮৬টি বিল জাল-জালিয়াতিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ওই সব বিলের বিপরীতে ৩৭টি ব্যাংকের ১১০টি শাখা থেকে তুলে নেওয়া হয় সেই দেড় হাজার কোটি টাকা। তবে বিলের বিপরীতে অর্থছাড় করা হয়নি, যা সোনালী ব্যাংকের জন্য নন-ফান্ডেড।