জনতা ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে জনতা ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
এই পাঁচজনকে তলব করে গত ২৯ জানুয়ারি ব্যাংকটিকে নোটিশ পাঠানো হয়।
গতকাল যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁরা হলেন জনতা ব্যাংকের স্থানীয় শাখার সাবেক ফার্স্ট অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার শামসুন্নাহার বেগম ও মো. এনামুল হক, সাবেক এজিএম মো. আফজাল হোসেন, সাবেক ডিজিএম মো. নজরুল ইসলাম, সাবেক জিএম মো. নুরুজ্জামান।
দুদক সূত্র জানায়, আনন্দ শিপইয়ার্ডকে জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ২৩৮ কোটি ৮ লাখ টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির এসব কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়দায়িত্ব ছিল। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
একই বিষয়ে ৮ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে ব্যাংকটির স্থানীয় শাখার সাবেক ফার্স্ট অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মুশফিকুর রহমান ও এম এ মতিন, সাবেক অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ইসরাফিল সিকদার, সাবেক ম্যানেজার মো. মাহফুজুর রহমান, সাবেক এজিএম পুর্ণেন্দু কুমার রায়, সাবেক এজিএম সাগর আহমেদকে।