জনতা ব্যাংকের সাবেক ১১ কর্মকর্তাকে দুদকে তলব
জনতা ব্যাংকের সাবেক ১১ কর্মকর্তাকে তলব করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের জন্য তাঁদের ডেকেছে দুুদক।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের তলব করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবার নোটিশ পাঠান। তাঁদের ৫ ও ৮ ফেব্রুয়ারি দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
ব্যাংকটির স্থানীয় শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শামসুন্নাহার বেগম ও মো. এনামুল হক, সাবেক এজিএম মো. আফজাল হোসেন, সাবেক ডিজিএম মো. নজরুল ইসলাম এবং সাবেক জিএম মো. নুরুজ্জামানকে ৫ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে। ৮ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে ব্যাংকের স্থানীয় শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মুশফিকুর রহমান ও এম এ মতিন, সাবেক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ইসরাফিল সিকদার, সাবেক ম্যানেজার মো. মাহফুজুর রহমান, সাবেক এজিএম পুর্ণেন্দু কুমার রায় ও সাবেক এজিএম সাগর আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, আনন্দ শিপইয়ার্ডকে জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ২৩৮ কোটি ৮ লাখ টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির এসব কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়দায়িত্ব ছিল। এ কারণে বক্তব্য জানতে তাঁদের তলব করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এই জাল জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টির অনুসন্ধান করছে।