জনতা ব্যাংকের ২৫১ কোটি টাকা আত্মসাত, ব্যবসায়ী গ্রেপ্তার
জনতা ব্যাংক থেকে এলসির মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার প্রধান আসামি টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের বিশেষ দল খুলনার দৌলতপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল জানিয়েছেন, সংস্থার পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বাধীন একটি দল এ অভিযান পরিচালনা করে। দলের অন্য সদস্যরা হলেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম ও জাহাঙ্গীর আলম। গ্রেপ্তার হওয়া টিপু সুলতান ঢাকা ট্রেডিং হাউস নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। রাজধানীর বিজয়নগরে তাঁর কার্যালয়।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি টিপু সুলতানসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। মামলার অন্য আসামিরা হলেন, জনতা ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক, বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মনজেরুল ইসলাম, জনতা ব্যাংকের সাবেক এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংক লোকাল অফিসের জ্যেষ্ঠ এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, লোকাল অফিসের সাবেক ব্যবস্থাপক এ এস এম জহিরুল।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের মতিঝিলের স্থানীয় অফিসে ঢাকা ট্রেডিং হাউজিং লিমিটেডের নামে আমদানি রপ্তানির ঋণপত্র (এলসি) খুলে মালামাল আমদানি না করে টাকা স্থানান্তর করে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আসামিরা ওই অর্থ ব্যাংকে থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে।