যশোরের কেশবপুরে একজন ব্যবসায়ীকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন এক পুলিশ কর্মকর্তা। তবে জনতার প্রতিরোধের মুখে গত রোববার রাতের এ চেষ্টা ভেস্তে যায়। তাঁকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজারের মুদি ব্যবসায়ী আবদুল লতিফ রোববার রাত সাড়ে আটটার দিকে বেচাকেনা করছিলেন। এ সময় স্থানীয় ভাল্লুকঘর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুজন কনস্টেবল নিয়ে ওই দোকানে যান। তাঁরা দোকানে অবৈধ মালামাল আছে দাবি করে জিনিসপত্র ওলট-পালট করতে থাকেন। একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে পাঁচটি ইয়াবা বড়ি বের করেন তাঁরা।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, দোকানের ক্যাশবাক্সে ইয়াবা বড়িগুলো রাখেন একজন পুলিশ কনস্টেবল। ঘটনাটি দেখে ফেলেন আবদুল জলিল নামের একজন ক্রেতা।
একপর্যায়ে দোকানি লতিফকে হাতকড়া পরিয়ে ও তাঁর ক্যাশবাক্স থেকে ৮০ হাজার টাকা বের করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা। কিন্তু বাজারের ব্যবসায়ীরা প্রতিরোধ শুরু করেন।
খলিলুর রহমান বলেন, ‘আমি ওই এসআইকে বলি ইয়াবা পেয়েছেন ঠিক আছে, কিন্তু টাকা নিয়ে যাচ্ছেন কেন? লতিফকে ছেড়ে দেওয়ার কথা বললে তিনি অস্ত্র দেখিয়ে ভয় দেখান। এ সময় এলাকার লোকদের খবর দিই এবং ফোনে ওসি (কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও (স্থানীয় সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের) চেয়ারম্যানকে ঘটনা জানাই।’
এলাকার তিন-চার হাজার মানুষ বাজারে জড়ো হয়ে যায়। তারা প্রায় তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করে। এতে অবরুদ্ধ হয়ে পড়েন এসআই মিজানুর ও দুই পুলিশ কনস্টেবল।
সাতবাড়িয়া ইউপির চেয়ারম্যান শামছুদ্দীন বলেন, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, লতিফ খুব ভালো মানুষ। তাঁকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে। তবে জনরোষে সেই চেষ্টা সফল হয়নি। একপর্যায়ে কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন। তিনি এসআই মিজানুরসহ ওই তিনজনের বিচার করা হবে ঘোষণা দিয়ে তাঁদের থানায় নিয়ে যান। ৮০ হাজার টাকা দোকানিকে ফিরিয়ে দেওয়া হয়।
ওসি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববার রাতেই এসআই মিজানুরকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘যা করার পুলিশ সুপার করবেন।’
এদিকে এসআই মিজানুর রহমান আগেও এভাবে মানুষকে হয়রানি করে টাকা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। জাহানপুর গ্রামের তাজিম উদ্দীন নামের একজন ভ্যানচালক বলেন, ‘আমি ২০-২৫ দিন আগে রাতে ভ্যান নিয়ে চালিতবাড়িয়া থেকে জাহানপুর আসছিলাম। পথে এসআই মিজানুর রহমান আমার পকেটে গাঁজা পুরে দিয়ে ধরে নিয়ে যান। পরে দুই হাজার টাকা দিয়ে আমি ছাড়া পাই।’