জনপ্রতিনিধিই এমন!
১৭৫টি ইয়াবা বড়িসহ নারী জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, অনেক দিন ধরে বাড়িতে মাদকদ্রব্যের ব্যবসা করেন। শ্যামলী মুরাদ নামের ইউপি সদস্য অবশ্য বলেছেন, তিনি নন, তাঁর স্বামীই মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত।
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্য শ্যামলী মুরাদ।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাছে খবর ছিল তিনি অনেক দিন ধরে বাড়িতে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। আজ ভোররাত সাড়ে চারটার দিকে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭৫টি ইয়াবাবড়িসহ তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি থেকে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, সেগুলো জালিয়াতির কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
গ্রেপ্তারের পর শ্যামলী মুরাদ প্রথম আলোকে বলেন, তিনি নন, মূলত তাঁর স্বামী মুরাদ হোসেনই ইয়াবা ব্যবসায়ী। স্বামীই তাঁকে ইয়াবা বড়ি এনে দেন।
এসআই আনোয়ার হোসেন বলেন, শ্যামলীর স্বামী মুরাদ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শ্যামলীর স্বামী এ ব্যবসা করেন কি না, জানতে চাইলে এসআই বলেন, পুলিশের হাতে আটক ব্যক্তি এমন বলে থাকেন। শ্যামলীই বিক্রেতা। এ ব্যাপারে পুলিশের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।