জনপ্রতিনিধির গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত
ঢাকার আশুলিয়ায় প্রতিপক্ষের গুলিতে সুরুজ দেওয়ান নামে (৪৫) এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মোন্তাজ উদ্দিন নামের স্থানীয় এক জনপ্রতিনিধি গত মঙ্গলবার রাতে তাঁকে গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি তাঁর লাইসেন্স করা শটগান থেকে গুলি চালিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, মোন্তাজ সুরুজকে গুলি করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ওই শটগানটি মোন্তাজের নামেই লাইসেন্স করা। মোন্তাজের নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
মোন্তাজ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপির সমর্থক। সুরুজ দেওয়ান ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের দেওয়ানের ছোট ভাই। তাঁর বাড়ি আশুলিয়ার সুগন্ধী এলাকায়।
আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, মোন্তাজ বিএনপি সমর্থক হলেও স্থানীয় পুলিশ প্রশাসনের মদদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পোশাক কারখানার ঝুট ব্যবসা করছেন। এ নিয়ে সুরুজের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে মোন্তাজ মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) সংলগ্ন নতুন নগর এলাকায় সুরুজকে গুলি করেন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী সুরুজের ভাতিজা আবদুল হক দেওয়ান বলেন, সুরুজ ও তাঁর এক বন্ধু মোটরসাইকেলযোগে নতুন নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। ইলেক্টো ভেঞ্চার নামে একটি কারখানার সামনে পৌঁছালে মোন্তাজ তাঁর সহযোগীদের নিয়ে পথরোধ করেন। এর পর সুরুজের দুই পায়ে গুলি করে তাঁরা পালিয়ে যান।
ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ মন্ডল বলেন, মোন্তাজ এলাকায় সন্ত্রাসী প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে কয়েক দফায় ফোন দেওয়া হলেও মোন্তাজ উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।