জনপ্রতিনিধির ছত্রচ্ছায়ায় জুয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার উঁচাবালুয়া রাঙ্গামাটি এলাকায় পুলিশ ও জনপ্রতিনিধিদের ছত্রচ্ছায়ায় তিন বছর ধরে জুয়ার আসর চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন গড়ে অন্তত অর্ধকোটি টাকার খেলা হয় বলে জুয়াড়িরা জানিয়েছেন।
ওই জুয়ার আসরে গেলে এই প্রতিনিধিকে জুয়ায় বিনিয়োগকারী ফারুক হোসেন (৩৮) নামের এক ব্যক্তি টাকা দেওয়ার চেষ্টা করেন। টাকা না নেওয়ায় তিনি বলেন, ‘ভাই, সবাই টাকা নেয়। কী করবেন? পেপারে লিখবেন? লাভ নাই।’
জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকার অনেকে। এ ছাড়া এলাকায় প্রায় রাতেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এসব বন্ধে গত ১১ মে এলাকাবাসী মানববন্ধন করেন। কিন্তু জুয়ার আসর বন্ধ হয়নি।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, মিঠাপুকুর উপজেলার উঁচাবালুয়া রাঙ্গামাটি এলাকায় দেড় শতাধিক মোটরসাইকেল ও আটটি মাইক্রোবাস এলোমেলোভাবে রয়েছে। তাঁবু খাটিয়ে ফটগুটি দিয়ে চলছে জুয়া খেলা। এ জুয়ার আসর ঘিরে বসানো হয়েছে অন্তত ১০-১২টি দোকান। রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এখানে কয়েকজনকে প্রকাশ্যে মদপান এবং ফেনসিডিল ও গাঁজা সেবন করতে দেখা যায়। এ সময় এলাকার অনেকে জানান, জুয়ার আসরের নেতৃত্বে রয়েছেন মিঠাপুকুরের ময়েনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রহমান ও ময়েনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া। বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার ৪০ ব্যক্তি ওই জুয়ায় টাকা বিনিয়োগ করছেন। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে জুয়াড়িরা এখানে আসেন। অভিযোগ রয়েছে, জুয়ায় নেতৃত্বদানকারীরা মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের ছত্রচ্ছায়ায় রয়েছেন।
জুয়ার আসরেই টাকার ব্যাগ হাতে আবদুর রহমানকে বসে থাকতে দেখা যায়। এ সময় ভিড়ের মাঝে ওই ব্যক্তি (ফারুক হোসেন) এগিয়ে এসে বলেন, ‘ভাই, আপনি কি প্রথম আলোর সাংবাদিক?’ জবাব পেয়ে বলেন, ‘গত ঈদের পর থেকে আমরা জুয়ায় লোকসানে আছি। আমরা ৪০ জন মিলে এ জুয়ায় টাকা বিনিয়োগ করেছি। গত চার দিনে আমাদের ১৭ লাখ টাকা লোকসান হয়েছে।’
লোকসানের কারণ জানতে চাইলে ফারুক বলেন, ‘জুয়া চালাইতে প্রতিদিনের খরচ এক লাখ ৮২ হাজার টাকা। এ টাকা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অনেককে দিতে হয়। বোঝেনই তো অবৈধ জিনিস, অবৈধ আয়। সবাই সুযোগ নেয়।’
মিঠাপুকুরের শিকারপুর গ্রামের জুয়াড়ি বাদশাহ ও শওকত আলী জানান, জুয়ায় অংশগ্রহণকারীদের যাতায়াত বোনাস ও একটি করে ফেনসিডিলের বোতল ও মদ বিনা মূল্যে দেন আয়োজকেরা। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সেখানে জুয়া খেলা চলে।
জুয়াড়িদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ মোটরসাইকেল নিয়ে খেলতে গেলে তাঁকে ৫০০ টাকা ও মাইক্রোবাসে গেলে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত যাতায়াতের জন্য বোনাস দেন আয়োজকেরা। এলাকার অনেকের অভিযোগ, ওই স্থানে জুয়ার আসর বসায় এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। জুয়ার আসরের পাশে মিঠাপুকুর-ফুলবাড়ি এশিয়ান মহাসড়কের এগ্রো বেইলি গ্রুপ লিমিটেড নামের ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে প্রায় রাতেই গাছ কেটে ও রশি টেনে ডাকাতেরা পথচারীদের সর্বস্ব লুটে নিচ্ছে। গত দুই বছরে ওই স্থান থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল ডাকাতেরা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে অন্তত ৫০টি বাস, মাইক্রোবাস, ট্রাক, ভটভটি আটকে ডাকাতেরা লোকজনের সর্বস্ব লুট করেছে।
এ ব্যাপারে আবদুর রহমান বলেন, ‘দেখতেই তো পাচ্ছেন জুয়া চলছে। এর সঙ্গে সবাই জড়িত। না হলে তো এক দিনও চলত না।’ তবে খোকন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি জুয়ার সঙ্গে জড়িত নই। আবদুর রহমান ওই জুয়ার নেতৃত্ব দেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘ওই স্থানে জুয়া খেলার অভিযোগ আমিও পেয়েছি। ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বারবার বলেন, জুয়া বন্ধ রয়েছে। কিন্তু অভিযোগ পাচ্ছি জুয়া চলছে। বিষয়টি রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়েছে। অচিরেই অভিযান চালানো হবে।’ ওসি রবিউল ইসলাম বলেন, ‘ওই জুয়ার স্থান থেকে আমরা ইতিপূর্বে লোকজন ধরেছি। আবারও অভিযান চালানো হবে। আমরা জুয়ার আসর থেকে টাকা নিই না।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন মুঠোফোনে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, জুয়া খেলায় তিনি জড়িত নন। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ খেলা বন্ধ করতে তিনি ওসিকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কেন তা বন্ধ হচ্ছে না, তা বলতে পারছেন না।