জনপ্রতিনিধির মাছ চাষ, গ্রামবাসীর সর্বনাশ

বরিশালের আগৈলঝাড়ায় খালের মধ্যে বাঁধ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার জায়গায় মাছ চাষ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম মূর্তজা খান। এতে খালপাড়ের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়ার কালুরপাড় থেকে বারহাজার বরিয়ালী ভায়া কাজিরহাট স্লুইসগেট (জলকপাট) পর্যন্ত খালের মধ্যে প্রায় আড়াই কিলোমিটর জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেছেন গোলাম মূর্তজা খান। ওয়াপদার খাল হিসেবে পরিচিত খালটির পশ্চিমে নগরবাড়ি সরু খানের বাড়ির সামনে একটি এবং প্রায় আড়াই কিলোমিটার পূর্বে প্রশান্ত ডাক্তারের বাড়ির সামনে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। স্থানীয় লোকজন জানান, খালের মধ্যে গত ফেব্রুয়ারি মাসে বাঁধ দুটি নির্মাণ করে গোলাম মূর্তজা মাছ চাষ শুরু করেন। বাঁধ দেওয়ার সময় হাজার হাজার মানুষের দুরবস্থার কথা জানিয়ে চেয়ারম্যানকে বাঁধ না দিতে অনুরোধ করা হয়। কিন্তু জনগণের দাবি উপেক্ষা করেই বাঁধ নির্মাণ করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, দুই পাশে বাঁধ দিয়ে আড়াই কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন-চার শ মিটার প্রস্থের মৎস্য খামার তৈরি করা হয়েছে। খালের মধ্যে মাচা দিয়ে মুরগির খামার করা হয়েছে। স্থানীয় লোকজন আরও জানান, তাঁদের এলাকাটি বিল এলাকা এবং এখানে হতদরিদ্র জনগোষ্ঠীর বাস। এই এলাকায় তেমন কোনো পুকুর নেই। নেই কোনো গভীর-অগভীর নলকূপ।
কাঠিরা গ্রামের গৃহবধূ আরতি রায়, রাহুতপাড়া গ্রামের নিরঞ্জন রায় জানান, খালে বাঁধ দেওয়ার ফলে মৎস্যজীবীদের পেশা ছাড়তে হয়েছে। বর্ষায় নৌকায় ফসল আনা-নেওয়াসহ মালামাল পরিবহন করা যাচ্ছে না। জোয়ার-ভাটার পানি চলাচল বন্ধ হওয়ায় জমিতে নোনা পড়ে ফসলের ক্ষতি হচ্ছে।
নগরবাড়ি গ্রামের আনোয়ার বিশ্বাস বলেন, খালপাড়ের শত শত পরিবার খালের পানিতে নিত্যনৈমিত্তিক কাজ করত। এখন খালের পানি ব্যবহার করতে দেওয়া হয় না। এ ছাড়া মৎস্য খামার তদারকির কাজে নিয়োজিত লোকজন খালপাড়ের মানুষকে মাছ চুরির অপবাদ দেওয়াসহ নানাভাবে হয়রানি করছেন।
কাঠিরা গ্রামের মৎস্যজীবী অনিল বৈদ্য জানান, বহু আগে থেকে তাঁরা ওই খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন মাছ ধরতে পারছেন না।। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
কাঠিরা, রাহুতপাড়া, পূর্ব কাঠিরা, তালতা বোরো প্রকল্পের ব্যবস্থাপক আলাম মোল্লা জানান, খালে বাঁধ দেওয়ায় কৃষকের সর্বনাশ হয়ে গেছে। কৃষিজমিতে পানি চলাচল বন্ধ হওয়ায় জমিতে আটকে থাকা পানি বিষাক্ত হয়ে গেছে। জমিতে কাজ করতে গিয়ে মজুররা চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাই কেউ কাজ করতে চাইছেন না।
গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন জনস্বার্থে বাঁধটি অপসারণের আহ্বান জানিয়েছেন। আগৈলঝাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বাঁধটি অপসারণ করা না হলে পরবর্তী বোরো লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়।
আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মূর্তজা খান বলেন, ‘বাঁধ দিয়ে মাছ চাষের সঙ্গে আমি সম্পৃক্ত নই। একটি প্রকল্পের মাটি কাটার জন্য বাঁধ দেওয়া হয়। পরবর্তী সময়ে এলাকার কতিপয় যুবক মাছ চাষ করেছে।’
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, পরিবেশ আইনে কোনো জলাশয় ভরাট বা কোনো খালে বাঁধ দেওয়া যাবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।