জনপ্রতিনিধিরা কেটে নিলেন সড়কের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বুধবার উপজেলা বন কর্মকর্তা হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের গাওখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মনোহরপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশে থাকা ২৬টি মেহগনি, শিশু ও চাম্বল গাছ কেটে নিয়েছেন ইউপি সদস্য আবদুস সালাম মাঝি। গাছগুলোর বর্তমান বাজারমূল্য কয়েক লাখ টাকা। বন বিভাগকে না জানিয়ে গাছ কেটে বিক্রি করে দেন তিনি। আর কিছু গাছ ব্যক্তিগত কাজে ও সাঁকো মেরামতে ব্যবহার করেন। গত ৩০ অক্টোবর একই ইউনিয়নের পাকুরিয়া গ্রামের খবির খান উপজেলা বন কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও সদস্য আবদুস সালাম মাঝির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
খবির খান বলেন, সরকারি টাকায় গাওখালী সড়কের কাঠের ১২টি সাঁকো মেরামতের জন্য তিন লাখ ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়। কিন্তু সালাম মাঝি সড়কের গাছ কেটে সাঁকো মেরামত করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। তিনি সড়কের গাছ দিয়ে ব্যক্তিগত গরুর খামারের ঘর নির্মাণ করেছেন। গাছ কাটার ব্যাপারে ইউপি সদস্যের সঙ্গে চেয়ারম্যান মো. অলিউল্লাহর যোগসাজশ আছে।
উপজেলা বন কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে গত শনিবার আমি ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পেয়েছি। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা করেছি।’
অভিযোগ অস্বীকার করে আবদুস সালাম মাঝি বলেন, ‘এলাকাবাসী গাছগুলো কেটে সাঁকো মেরামত করেছেন। আমি গাছ কাটিনি। তবে গাছ কাটার সময় সেখানে উপস্থিত ছিলাম।’
নাজিরপুর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও সদস্য আবদুস সালাম মাঝিকে আসামি করে বন আইন ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় গাছ কাটার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।