ভোটের আগেই হত্যার হুমকি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল উদ্দিন
কামাল উদ্দিন

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে নিহত কামাল উদ্দিন এলাকায় চেয়ারম্যান নামেই পরিচিত ছিলেন। ১০ বছর ধরে তিনি ইউনিয়ন পরিষদে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু এবার তিনি বিএনপির মনোনয়ন পাননি, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ান।
কামালের পরিবারের সদস্য, তাঁর অনুসারী ও ভোটাররা বলছেন, জনপ্রিয়তা ও বাড়তি আত্মবিশ্বাসই কাল হয়েছে কামাল চেয়ারম্যানের। গত শনিবার ভোটের দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে থাকা এই নেতা খুন হন।
গতকাল রোববার দলীয় সূত্র ও তাঁর অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়ন ঘোষণার পর থেকেই কামাল উদ্দিনকে বিএনপির পক্ষ থেকে সরে যেতে বলা হয়েছিল। বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন বিএনপির প্রার্থী তোফায়েল আহাম্মদের অনুসারীরা। এমনকি ভোটের দু-তিন দিন আগে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, কামাল উদ্দিনকে খুন করতে প্রয়োজনে কোটি টাকা খরচ করা হবে। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকারের বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যেরও অভিযোগ উঠেছিল। তোফায়েল দলের কোনো পদে না থাকলেও তাঁকেই মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনের তিন মাস আগে কুয়েত থেকে তিনি দেশে আসেন। এরপরই সালাহউদ্দিন সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ে।
২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পরিবর্তে আওয়ামী লীগের প্রার্থীর পাশে ছিলেন কামাল উদ্দিন। নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী সালাহউদ্দিন সরকার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর রেশ ধরে দলের কেন্দ্রীয় ও স্থানীয় একাংশের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় কামাল উদ্দিনের।
তবে সালাহউদ্দিন সরকার বলেন, প্রবাসী তোফায়েলের কাছে টাকা নিয়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ মোটেই সত্যি নয়।
তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা পারভেজ হোসেন সরকার বলেন, ‘কামাল উদ্দিন আমার বড় ভাইয়ের মতো ছিলেন। ২০১১ সালের ইউপি নির্বাচনে আমি তাঁকে সহযোগিতা করেছি। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি আমাকে সহযোগিতা করেছিলেন। এবার মাঠের পরিস্থিতি দেখে একাধিকবার পায়ে ধরেও নির্বাচন থেকে তাঁকে সরাতে পারিনি। কোনো চাপ দিয়ে নয়, প্রকাশ্যে তাঁকে নির্বাচন থেকে সরে আসতে অনুরোধ জানিয়েছিলাম। বিএনপির অন্তর্দলীয় কোন্দলে তাঁকে নির্মমভাবে প্রাণ দিতে হলো।’
কামাল উদ্দিন বিএনপির দলীয় অন্তর্কোন্দলে খুন হয়েছেন—এমন অভিযোগ সম্পর্কে সালাহউদ্দিন সরকার বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানি না। তোফায়েলকে মনোনয়ন দিয়েছে দল। তাঁর বাহিনীই কামালকে খুন করেছে বলে শুনেছি। আমি দলের নিবেদিতপ্রাণ এই কর্মী হত্যার বিচার চাই। আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন।’
তোফায়েল আহাম্মদকে তাঁর দক্ষিণ বলরামপুরের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। গত শনিবার থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা) বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
গতকাল সকাল সাড়ে ১০টায় মাছিমপুর বাজারে কামাল উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর কর্মী-সমর্থক ও স্বজনেরা শোকে মুষড়ে পড়েছেন। হত্যাকাণ্ডের সময় আশপাশে থাকা লোকজনকে খুঁজতে গিয়ে কথা হয় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে নিজের কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর ও নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগের খবর পেয়ে কামাল উদ্দিন কেন্দ্রের দিকে ছুটে যান। ওই সময় তোফায়েলের সমর্থকেরা তাঁর ওপর বিনা উসকানিতে হামলা চালিয়ে তাঁকে নির্মমভাবে খুন করেন।
নিজেদের বাড়িতে বসে কামালের বড় ভাই মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী প্রকাশ্যে আমার ভাইকে হত্যার ঘোষণা দিয়েছিলেন। এমনকি ভোটের দুই দিন আগেও গভীর রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন।’
ওই বাড়ি থেকে বের হয়ে হত্যাকাণ্ডস্থলে যাওয়ার পথে কথা হলো পাঙ্গাসিয়া গ্রামের রিকশাচালক মো. খোকনের সঙ্গে। তিনি বলেন, কামাল উদ্দিনের জেঠা নওয়াব আলীও দীর্ঘদিন ওই এলাকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জেঠার পর ভাতিজা নির্বাচনের মাঠে নামেন। বড় ভালো মানুষ ছিলেন তিনি।
বেলা আড়াইটায় তিতাস থানায় আসমা সুলতানা তাঁর স্বামীর হত্যার ঘটনায় মামলা করতে যান। তিনি বলেন, ‘আমার দুই ছেলে এবার প্রথমবারের মতো ভোটার হয়েছে। তারা তাদের বাবাকে ভোট দেওয়ার জন্য এসেছিল। নির্বাচনী পরিবেশ ভালো না থাকায় আমি এবং ছেলেরা ভোট দিতে যাইনি। ভোটারদের কাছে জনপ্রিয় থাকায় তিনি কখনো অন্যায় পথে গিয়ে জিততে চাননি। শুধু সুষ্ঠু ভোটের জন্য ভোটার, অনুসারী ও প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েছিলেন। আমি স্বামী হত্যার ন্যায্য বিচার চাই।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা (২) আবদুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকার, বিএনপি-মনোনীত প্রার্থী তোফায়েল আহাম্মদসহ ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫-৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয়েছে।