জনসংহতি সমিতির দুই কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে দুই ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে হাগলাছড়া গ্রামের ভুয়াছড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন পার্বত্য জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী। হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জনসংহতি সমিতি। তবে ইউপিডিএফ বলেছে, তাদের কেউ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।
নিহত দুজন হলেন সমিতির সহযোগী সংগঠন যুব সমিতির সদস্য যুদ্ধ চন্দ্র চাকমা (৪২) ও নয়ন জ্যোতি চাকমা (৩২)। তাঁদের বাড়ি ভুয়াছড়িতে।
জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ইউপিডিএফ আমাদের কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। তারাই আমাদের দুই কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ইউপিডিএফ এর আগেও আমাদের দুই কর্মীকে হত্যা করে লাশ গুম করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার ইউনিটপ্রধান জুয়েল চাকমা বলেন, ‘দুজন হত্যার ঘটনায় আমাদের দলের কোনো সম্পৃক্ততা নেই। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভুয়াছড়িতে বাবু চাকমার বাড়িতে গল্প করছিলেন যুদ্ধ চন্দ্র চাকমা ও নয়ন জ্যোতি চাকমা। হঠাৎ ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তাঁদের ঘিরে ফেলে। দুজনকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে বাড়ির ৫০০–৬০০ গজ দূরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নয়ন জ্যোতির স্ত্রী চিগনবি বলেন, তাঁর স্বামী সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে থাকতেন না। মঙ্গলবার ভুয়াছড়ি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি। অনুষ্ঠান শেষে বাবু চাকমার বাড়িতে গল্প করছিলেন। তখন তাঁকে দুর্বৃত্তরা খুন করে। তিনি বলেন, দেড় বছরের ছেলেসন্তান রয়েছে তাঁদের। স্বামী মারা যাওয়ায় এখন কীভাবে বাঁচবেন, তা ভেবে পাচ্ছেন না।
দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে বলে জানান বাঘাইছড়ি থানার ওসি মো. আবুল কালাম চৌধুরী। তিনি বলেন, নিহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। দুজনের বুকে গুলির চিহ্নও পাওয়া গেছে। মৃত্যু নিশ্চিত করার জন্যই গুলি করা হয়েছে।