জনসংহতির এক সদস্যকে হত্যার পর লাশ গুম!
রাঙামাটিতে সুশীল বিকাশ চাকমা (৩৮) নামে জনসংহতি সমিতির এক সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে জেলার বাঘাইছড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্যদের দায়ী করা হয়েছে।
এলাকাবাসী ও জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, সুশীল বিকাশ চাকমা গতকাল সকাল সোয়া সাতটার দিকে সাত কিলোমিটার দূরের একটি রাবার বাগান এলাকা থেকে বাঘাইছড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তাঁর অপেক্ষায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ওত পেতে ছিল। বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করেন সুশীল। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে তাঁকে ধাওয়া করে। একটি গুলি সুশীলের দেহের পেছনের দিকে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান। কিন্তু ঘটনাস্থলে তাঁরা কোনো লাশ খুঁজে পাননি বলে জানিয়েছেন। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, এ বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তবে কোনো লাশ পাইনি। ধারণা করা হচ্ছে, সশস্ত্র দুর্বৃত্তরা হত্যার পর লাশ গুম করেছে। আবার নিহত বিকাশের দলের সদস্যরাও লাশ তুলে নিয়ে যেতে পারে।’
জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘আমরা খবর পেয়েছি সংস্কারপন্থীরা (জনসংহতি সমিতি এমএন লারমা) আমাদের এক সদস্যকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে।’ কিন্তু জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানজিৎ চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘একজনকে গুলি করে হত্যার বিষয়টি আমরা শুনেছি। কিন্তু আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। আমাদের কোনো সদস্য হত্যাকাণ্ডে জড়িত নয়।’