জনস্রোতের মধ্যেই হামলা, হকচকিত মানুষ

সকাল নটা। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের দিকে জনস্রোত নেমেছে। এর মধ্যেই হঠাৎ দুমদাম বিস্ফোরণের শব্দ। হকচকিত মানুষ নিজেদের সামাল দেন এই বলে হয়তো রেওয়াজ অনুযায়ী মাঠে শটগানের গুলি ফোটানো হচ্ছে। কিন্তু এরপরেই আরও শব্দ। পুলিশের বাঁশি, গাড়ির সাইরেন। আহত ব্যক্তিদের নিয়ে ছোটাছুটি।
ততক্ষণে অনেকেই জেনে গেছেন, শোলাকিয়া ঈদ জামাতের মাত্র আধা কিলোমিটারের মধ্যেই পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে বোমা, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।
এ বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৮৯তম ঈদের জামাত। প্রতিবছর শোলাকিয়ায় নামাজ পড়তে তিন লাখের মতো মানুষ এই ছোট শহরে জড়ো হন। স্থানীয় লোকজন ছাড়াও আশপাশের জেলা, ঢাকাসহ দূরদূরান্ত থেকে মুসল্লিরা শোলাকিয়ায় নামাজ পড়তে আসেন। শোলাকিয়ার মাঠকে কেন্দ্র করে শহরের রাস্তা, অলিগলিতেও মানুষ নামাজ পড়তে বসে যান। মূলত শহরজুড়ে একটা জামাত হয়। এর মধ্যেই জঙ্গিরা এ হামলা চালায়। তবু সাধারণ মানুষ যে হতাহত হয়নি, তাতে পুলিশকে কৃতিত্ব দিয়েছেন স্থানীয়রা।
শোলাকিয়ায় জামাত ব্যবস্থাপনার অংশ হিসেবে সকাল থেকেই শহরের ভেতরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। আগে থেকেই নির্দেশনা ছিল জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ নিয়ে জামাতে আসা যাবে না। মানুষ সেভাবেই সেজেগুজে ঈদগাহর দিকে যাচ্ছিলেন।
সকাল নয়টার দিকে ঈদগাহর দিকে যাওয়ার সময় শোলাকিয়া রেল গেটে কয়েকজন পুলিশকে গুলি ছুড়তে দেখেন শাহীনুল ইসলাম। তিনি বলেন, পুলিশ ও র্যাবের সদস্যদের ছোট ছোট দলে ভাগ হয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঈদের জামাতে মোতায়েন করা অন্য পুলিশ সদস্যদেরও প্রস্তুতি নিয়ে রেল গেটের দিকে আসতে দেখেন। তিনি বলেন, এ সময় পুলিশের এক দারোগার কাছে কী হচ্ছে জানতে চাইলে তিনি। ওই দারোগা তাঁকে বলেন, জঙ্গি হামলা হয়েছে। আরেক দল পুলিশ মুসল্লিদের মাঠের দিকে নির্ভয়ে দ্রুত পায়ে যেতে বলেন। মুসল্লিরা মাঠের দিকে যাওয়ার সময় পেছন থেকে একদল পুলিশ যেন তাদের তাড়িয়ে নিয়ে আসছিলেন। পুলিশ সদস্যরা মুসল্লিদের উদ্দেশ্য করে বলছিলেন, ‘মাঠে যান। সব ঠিক আছে। ঈদের নামাজ হবে।’
আরেকজন মুসল্লি হাফিজ আক্তার বলেন, তিনি নয়টার মধ্যেই মাঠে যান। মাঠ থেকে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছিল। তবে তিনি ইমাম সাহেব বক্তব্য থামাননি। ঈদের নামাজ ঠিক সময়মতোই সকাল ১০টার দিকে শুরু হয়। তবে বিপত্তি বাধে নামাজ শেষে। ঈদগাহ থেকে বের হওয়ার মূল সড়কটি (স্টেশন রোড) বন্ধ করে দেয় পুলিশ। ঈদগাহ মাঠের লাখো মুসল্লির স্রোত আশপাশের সরু গলি দিয়ে বের হতে শুরু করে। এ সময় প্রচণ্ড চাপাচাপি হলেও শেষ পর্যন্ত তিনি নিরাপদে তাঁর নগুয়ার বাসায় পৌঁছাতে পেরেছেন। বাড়ি ফেরার সময় সরু রাস্তায় ভিড়ের মধ্যে কিছু মানুষ ‘ধাক্কাধাক্কি করবেন না’, ‘ধীরে চলুন’, ‘ভয় পাওয়ার কিছু নেই’ ইত্যাদি বলে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করেন।
সড়কটি বন্ধ করে দিয়ে পুলিশ ওই এলাকার আজিমুদ্দিন স্কুল ও আশপাশের বাড়িঘরগুলোতে তল্লাশি চালায়। এ সময় থেমে থেমে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশেও বাড়িগুলোর বাসিন্দাদের সরানোর চেষ্টা করে পুলিশ। তার আগেই জঙ্গিরা অনেক বাড়িতে ঢুকে পড়ে বলে স্থানীয়রা জানান। আজিমুদ্দিন স্কুলেও কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছে বলে শোনা যায়। পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেই স্কুলটি ঘিরে ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আজিমুদ্দিন স্কুলের পাশের গলি থেকে পুলিশ মামুন নামে এক সন্দেহভাজনকে আটক করে।