জন্মদিনে আত্মহত্যা
রাজধানীর সবুজবাগে গত শনিবার রাতে নাজমুল হোসেন মিরাজ (৩২) নামের এক বেসরকারি টেলিভিশনের সাবেক প্রযোজকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, নাজমুল আত্মহত্যা করেছেন। শনিবার ছিল নাজমুলের জন্মদিন।
গতকাল রোববার সবুজবাগ থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে নাজমুলের লাশ উদ্ধার করে। এর আগে শনিবার রাতে অচেতন অবস্থায় পরিবারের লোকজন নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর লাশ মর্গে পাঠায়।
জানা গেছে, বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রযোজক ছিলেন নাজমুল। বছর দুয়েক আগে তিনি ওই চাকরি ছেড়ে আরেকটি বেসরকারি টেলিভিশনে প্রযোজক হিসেবে যোগ দেন। কিন্তু পরে সে চাকরিও ছেড়ে দেন। এরপর একরকম বেকারই ছিলেন তিনি।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বেকারত্বের কারণে নাজমুল আত্মহত্যা করেছেন। নাজমুল পরিবারের সঙ্গে সবুজবাগের বাসাবোর এক বাসায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। বাসায় বাবা-মা ও দুই ভাই থাকেন। শনিবার রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নাজমুল তাঁর কক্ষে ঘুমাতে যান। তিনি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। রাত দেড়টার দিকে পাশের কক্ষে থাকা তার আরেক ভাই বাথরুমে গিয়ে দেখেন, নাজমুলের কক্ষের সঙ্গে সংযুক্ত বাথরুমের বাতি জ্বলছে। নাজমুলকে ডাকাডাকি করে বাতি বন্ধ করতে বলেন। কিন্তু সাড়া মেলেনি। এতে সন্দেহ হলে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে দরজা ভেঙে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় ঝুলছেন নাজমুল। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এসআই আশরাফুল বলেন, দেড় বছর আগে বিয়ে করেছেন নাজমুল। তবে এখনো আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে বাসায় ওঠানো হয়নি। বিয়ের পরই সর্বশেষ বেসরকারি টেলিভিশনের চাকরি ছেড়ে দেন তিনি। এরপর একরকম বেকারই ছিলেন। ২৪ জানুয়ারি তাঁর জন্মদিন ছিল। বাসায় তাঁর স্ত্রীসহ কয়েকজন আত্মীয়ও এসেছিলেন। রাতে স্ত্রীকে তাঁর বাবার বাসায় পৌঁছে দিয়েছিলেন।
নাজমুলের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা গেছে, অনেক বন্ধু জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু সেগুলোতে তাঁর কোনো লাইক কিংবা মন্তব্য নেই। নাজমুলের সর্বশেষ স্ট্যাটাসটি ছিল গত বছরের ২৩ নভেম্বর। স্ট্যাটাসটি লেখা ইংরেজি ভাষায়। যার অর্থ দাঁড়ায়, ছেড়ে দেওয়া মানে এই নয় যে আপনি দুর্বল। মাঝেমধ্যে এটাও বোঝায়, আপনি অনেক শক্তিশালী।