জন্মসনদ না দেওয়ায় ইউপি সচিবকে মারধরের অভিযোগ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে গত রোববার মারধরের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রোববার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের চাচাতো ভাই মিস্টার আলী ইউপি কার্যালয়ে যান। তিনি সচিব আনোয়ার হোসেনের কক্ষে গিয়ে ছেলের জন্মসনদ চান। এ সময় আনোয়ার হোসেন ছেলের পরীক্ষায় পাসের সনদ দেখাতে বলেন। মিস্টার আলী তা দেখাতে অস্বীকার করেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে আনোয়ারকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেন মিস্টার আলী। এরপর আনোয়ারকে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
ইউপি সচিব আনোয়ার হোসেন বলেন, ‘জন্মসনদ দিতে অনেক তথ্য রাখতে হয়। তাই মিস্টার আলীর কাছে ছেলের পরীক্ষার সনদ দেখতে চাই। কিন্তু তিনি বলেন, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের ভাই। আমাকে এমনিতেই দিতে হবে। না দেওয়ায় ব্যাপক মারধর করেন।’
ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, মারধর করা ঠিক হয়নি। এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল মিস্টার আলীর মুঠোফোনে একাধিকবার কল করেও নম্বর বন্ধ পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।