জবানবন্দি দিলেন চার নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ধর্ষণের শিকার চার নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে তাঁরা জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, চার নারীকে আদালতে হাজির করা হলে তাঁরা আদালতে জবানবন্দি দেন। তবে দুজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। বাকি দুজন ধর্ষণের শিকার হন।

গত বছরের ১২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ডাকাতির পর নারীদের ধর্ষণ করেন ডাকাতেরা। ঘটনার পর পরিবারটি প্রথমে কর্ণফুলী থানায় মামলা করতে যায়। কিন্তু তাদের পটিয়া থানায় পাঠানো হয়। এলাকাটি পটিয়া থানার আওতাধীন নয় উল্লেখ করে ভুক্তভোগীদের আবার কর্ণফুলী থানায় যেতে বলা হয়। শেষ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর কর্ণফুলী থানা মামলাটি নেয়। ওই চার নারীকে ধর্ষণের ঘটনার মামলা নিতে গড়িমসি করায় থানার পুলিশের আংশিক ব্যর্থতা ছিল বলে ২৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে স্বীকার করেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুন উর রশীদ হাযারী। পরে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। তারা এই ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজন ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ধর্ষণের মামলায় গ্রেপ্তার আসামি আবু হান্নানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে পিবিআই। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।