জবি শিক্ষককে স্বপদে বহালের দাবিতে ছাত্র ধর্মঘট, ফেসবুকে 'স্ট্যান্ড ফর নাসির স্যার' নামে গ্রুপ

প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বপদে বহালের দাবিতে আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় নাসির উদ্দিন আহমদকে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গবেষণা নিবন্ধ প্রকাশনা জালিয়াতি করেছেন। তবে ওই শিক্ষক জানিয়েছেন, যে গবেষণা নিবন্ধের কথা বলা হচ্ছে, তা তাঁর নিজের নয়। নিবন্ধটি কোথাও প্রকাশিতও হয়নি।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্ট্যান্ড ফর নাসির স্যার’ নামে একটি গ্রুপ খোলেন। ওই গ্রুপের মাধ্যমেই রোববার মানববন্ধনের আয়োজন করা হয়। এ ছাড়া ‘কোটা সংস্কার চাই’ ও ‘সকল বৈষম্যের অবসান চাই’ নামের আরও দুটি গ্রুপেও তাঁকে চাকরিচ্যুত করার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র দিগ্বিজয় বলেন, কিছুদিন আগে বাংলা বিভাগের একজন নারী অধ্যাপকের বিরুদ্ধেও প্রকাশনা জালিয়াতির অভিযোগ উঠেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু নাসির স্যারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে।
মানববন্ধনের আহ্বায়ক ও একই বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী শিপন বলেন, নাসির স্যারকে অপসারণ করার বিষয়টি প্রশাসনেরই ষড়যন্ত্র। তাঁকে অপসারণের মূল কারণ ছাত্রদের যুক্তিসংগত প্রতিটি আন্দোলনে সমর্থন দেওয়া। তাঁকে যে প্রকাশনার কারণে চাকরিচ্যুত করা হয়েছে, সেটির কোনো ভিত্তি নেই। এ ছাড়া যে প্রক্রিয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে তা প্রশ্নবিদ্ধ। স্যারকে আত্মপক্ষ সমর্থনেরও পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
মানববন্ধন থেকে সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে বিক্ষোভ করে ভিসি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধনে বিভিন্ন লেখাসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।