জবিতে আন্দোলনকারীদের মিছিলে হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আটজন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুর ইসলাম, আমার সংবাদের আসলাম অর্প, ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক সমির ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিনও খায়রুল হাসান। এ ছাড়া ইত্তেফাকের প্রতিনিধি আহসান জোবায়েরসহ আরও কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া সাংবাদিকেরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রগতিশীল ছাত্র জোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভাস্কর্যের সামনে সমাবেশ করার সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন। সাংবাদিকেরা ছবি তোলাসহ সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁরাও হামলার শিকার হন। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে চলে যান।
ছাত্র ফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী এক যুক্ত বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারী ছাত্রলীগের উপযুক্ত শাস্তির দাবি জানান।