সিলেটের বিমানবন্দর থানার বাইশটিলা এলাকায় ক্যাম্পের টিলা কেটে প্রায় তিন একর জলাভূমির জায়গা ভরাটকালে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা সাতটি খননযন্ত্রের দুটি নিয়ে গেছেন মালিক।
গত শনিবার দুপুরের দিকে সিলেটের নির্বাহী হাকিম নুরুল হুদা সাতটি খননযন্ত্র জব্দ করে স্থানীয় খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাকিল আহমদের জিম্মায় রাখার নির্দেশ দিয়েছিলেন। তাঁর জিম্মা থেকে শনিবার সন্ধ্যার পর মালিক দাবি করে সিলেটের এক্সকাভেটর ব্যবসায়ী মিজান আজিজ চৌধুরী দুটি খননযন্ত্র নিয়ে যান।
শাকিল আহমদ বলেন, দুটি খননযন্ত্র অনেকটা জোর করে মিজান আজিজ চৌধুরী নিয়ে গেছেন। তিনি আরও বলেন, সাতটি খননযন্ত্র জব্দ করে তাঁদের জিম্মায় রাখলেও পরে সেগুলো সাবেক সদস্য আবদুল করিমের জিম্মায় দিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় মিজান আজিজ চৌধুরী সেখান থেকে দুটি খননযন্ত্র নিয়ে যান। আবদুল করিম এ বিষয়টি শনিবার রাতেই তাঁকে অবহিত করেন।
আবদুল করিম বলেন, জব্দ করা খননযন্ত্রগুলো টিলা এলাকার এক পাশে রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যার দিকে মিজান আজিজ চৌধুরী সেখানে গিয়ে টিলা কাটতে এগুলো ভাড়া দেওয়া হয়েছিল জানিয়ে নিয়ে যান। এ সময় বাধা দিলে তিনি সমঝোতা হয়েছে জানিয়ে অনেকটা জোর করে দুটি খননযন্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
মিজান আজিজ চৌধুরীর সঙ্গে কথা বলতে গতকাল বিকেল পাঁচটায় তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যায়।
টিলা কাটায় ব্যবহৃত একেকটি খননযন্ত্রের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ হিসাবে সাতটি খননযন্ত্র প্রায় দুই কোটি টাকা মূল্যমানের। ব্যয়বহুল এ যন্ত্র জব্দ করে নির্বাহী হাকিম গত শনিবার অভিযান শেষে প্রথম আলোকে জানিয়েছিলেন, খননযন্ত্রগুলো প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে পুলিশ।
পরবর্তী সময়ে বিমানবন্দর থানায় জব্দ তালিকা হস্তান্তর করার পর সহকারী পুলিশ কমিশনার (এসি, বিমানবন্দর থানা) মো. মুনাদির ইসলাম চৌধুরীও বলেছিলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিকেলে যোগাযোগ করলে তিনি বলেন, ‘দুটো খননযন্ত্র মালিক নিয়ে গেছেন বলে আমরাও শুনেছি। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা হবে।’