জব্দ করা ধান চার বছরেও ফেরত পাননি বিধবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোদেজা খাতুনের জমির ২০ মণ ধান প্রতিপক্ষের লোকজন জোর করে কেটে নেওয়ার সময় পুলিশ তা জব্দ করে। এটি ২০১০ সালের ঘটনা। সেই সময় আদালত নির্দেশ দিলেও সেই ধান তিনি আজও ফেরত পাননি। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে বলে ওই নারী অভিযোগ করেছেন।
খোদেজা খাতুনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেছেরকান্দা গ্রামে। তিনি অভিযোগ করেন, গত চার বছরে তিনবার আদালতের আদেশের চিঠি এনে থানায় জমা দিয়েছেন। কিন্তু ধান ফেরত দেওয়া তো দূরের কথা, পুলিশ তাঁর কথা আমলেই নেয়নি। সর্বশেষ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গত ১৯ আগস্ট নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন।
খোদেজা খাতুন বলেন, ১৩ বছর আগে তাঁর স্বামী হাছেন আলী মারা যান। এর পর থেকে তিনি স্বামীর ১০ শতক জমি দেখভাল করছেন। এলাকার একটি চক্রের নজর পড়ে ওই জমির ওপর। ২০১০ সালে তিনি জমিতে ধান চাষ করেন। প্রতিপক্ষের লোকজন তাঁর ফসল কেটে নিতে পারে—এই আশঙ্কায় তিনি আদালতে তাঁর জমিতে ১৪৪ ধারা জারির জন্য আবেদন করেন। খোদেজার ফসল কাটা নির্বিঘ্ন করার জন্য পুলিশকে সহায়তা করার নির্দেশ দেন আদালত।
খোদেজা অভিযোগ করেন, সে সময় প্রতিপক্ষের ভয়ে শ্রমিকেরা তাঁর ফসল কাটতে রাজি হননি। ফলে সন্তানদের নিয়ে তিনি নিজেই ধান কাটার জন্য জমিতে যান। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাঁদের জমি থেকে হটিয়ে দিয়ে ধান কাটতে শুরু করে। পরে তিনি ঘটনাটি থানায় জানালে তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব ঘটনাস্থলে এসে জমির ধান জব্দ করেন। খোদেজা দাবি করেন, পুলিশ সেই সময় ২০ মণ ধান জব্দ করেছিল। তিনি ধান ফেরত পেতে আদালতে আবেদন করেন। আদালত ২০১০ সালের ২৮ অক্টোবর ওই ধান খোদেজাকে বুঝিয়ে দেওয়ার জন্য নান্দাইল থানার ওসিকে নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, এসআই মোতালেব ওই ধান মেছেরকান্দা গ্রামের আবদুল হান্নানের জিম্মায় রাখেন। আবদুল হান্নান বলেন, ধান জিম্মায় রাখায় খোদেজার প্রতিপক্ষের রোষানলে পড়েন তিনি। পরে এসআই মোতালেবের নির্দেশে ধান বিক্রি করে ছয় হাজার ৮০ টাকা মুশুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফের কাছে জমা দেন। গতকাল যোগাযোগ করা হলে আবদুল লতিফ দাবি করেন, ‘আমার কাছে দুই হাজার ৭০০ টাকা জমা আছে। পুলিশ চাইলে সেটা ফেরত দিয়ে দেব।’
বর্তমানে কটিয়াদী থানায় কর্মরত এসআই মোতালেব জানান, তিনি ধান জব্দ করে প্রতিবেদন আদালতে পাঠিয়েছিলেন। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। তিনি ওই ধান হান্নানের জিম্মায় রাখার কথা স্বীকার করেছেন। তবে হান্নানকে ধান বিক্রি করে ওই টাকা আওয়ামী লীগ নেতাকে দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।
নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঘটনাটি চার বছর আগের। সে সময় যাঁরা থানায় কর্মরত ছিলেন, বিষয়টা তাঁরাই ভালো বলতে পারবেন। তবে আদালতের আদেশ পাওয়ার ২০১০ সালের নথিপত্রের খোঁজ করা হচ্ছে।