জব্দ করা পলিথিন বিক্রি করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা থেকে ৬ মে সাভার মডেল থানার পুলিশ নিষিদ্ধ পলিথিনবোঝাই একটি ট্রাক আটক করে। কিন্তু সব পলিথিন উদ্ধার দেখানো হয়নি। বেশির ভাগই বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে।
সাভার মডেল থানা-পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ মে রাজধানীর ইমামগঞ্জের রহমানিয়া ট্রান্সপোর্টের ট্রাকে করে নিষিদ্ধ পলিথিনের ৪৫৯টি থলে উত্তরবঙ্গে নেওয়া হচ্ছিল। প্রতিটি থলের ওজন ছিল ২৫ কেজি। ওই দিন সকাল সাড়ে ছয়টার দিকে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবিব হেমায়েতপুরের লালন সিএনজি স্টেশনের সামনে ট্রাকটি আটক করেন। সকাল ১০টার দিকে মাত্র ৬০ থলে (১ হাজার ৫০০ কেজি) পলিথিনসহ ওই ট্রাকে থাকা শাহ আলম নামের এক ব্যক্তিকে সাভারের ইউএনও কামরুল হাসান মোল্যার কাছে নিয়ে যাওয়া হয়। ইউএনও উভয় পক্ষের শুনানি শেষে শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও তখন এসআই শরীফুলকে ৬০ থলে পলিথিন পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
রহমানিয়া ট্রান্সপোর্টের মালিকদের একজন মুরাদ মিয়া অভিযোগ করেন, জরিমানা আদায়ের পর শাহ আলমকে না ছেড়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে সাড়ে ছয় ঘণ্টা আটকে রাখে। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে ওই পুলিশ কর্মকর্তাদের গাড়িতে আটকে রেখে একই সময় ছেড়ে দেওয়া হয়।
মুরাদ ও তাঁর এক অংশীদার বলেন, শাহ আলমসহ ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক রেখে এএসআই আহসান হাবিব ৩০ থেকে ৪০টি থলে (প্রায় এক হাজার কেজি) পলিথিন পুড়িয়ে বাকি পলিথিন আত্মসাৎ করেন। এরপর সব পলিথিন সাভারের ট্যানারি পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রতি থলে ১ হাজার ৭০০ টাকা দরে ৭৫ থলে পলিথিন গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। তাঁরা আরও বলেন, পলিথিন বিক্রির খবর পেয়ে তাঁরাও এক দালালের মাধ্যমে বাকি পলিথিন কেনার চেষ্টা করেছিলেন। কিন্তু দাম-দর না মেলায় কেনা সম্ভব হয়নি।
প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে এএসআই আহসান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আপনার (প্রতিবেদক) সঙ্গে পরে দেখা করব।’ এসআই শরীফুল ইসলাম এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে রাজি হননি।
ইউএনও বলেন,‘ট্রাকে আরও পলিথিন থাকলেও ওই পুলিশ কর্মকর্তা আমার কাছে সে তথ্য গোপন করেছেন। আর এ ঘটনা সত্য হয়ে থাকলে তার দায় তাঁকেই বহন করতে হবে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমার জানামতে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সব পলিথিন পুড়িয়ে ফেলা হয়েছে। তবে তাঁরা (পুলিশ কর্মকর্তা) কৌশলে পলিথিন আত্মসাৎ করে থাকলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’