কোকেন শনাক্ত হওয়া ‘সূর্যমুখী তেলের’ চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের চেষ্টা করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক বকুল মিয়া। ঢাকায় তাঁর দুই আত্মীয়ের কাছে চালান খালাসের জন্য তিনি নথিপত্র (পণ্যের মালিকানা দলিল) পাঠান। কিন্তু তাঁদের দিয়ে কাজ না হওয়ায় যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চালানটি আমদানি করা হয়, সে প্রতিষ্ঠানের এক কর্মীকে দিয়ে চালানটি জব্দ হওয়ার আগেই খালাসের চেষ্টা করেন তিনি।
প্রথম আলোর অনুসন্ধান এবং পুলিশ, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, বন্দর কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গত মে মাসে সূর্যমুখী তেলের চালান বন্দরে আসার পরও আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেড তা খালাসের জন্য কাস্টমসে নথিপত্র জমা দেয়নি। এই চালানে মাদক থাকতে পারে বলে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৬ জুন পুলিশ কনটেইনারটি জব্দ করতে শুল্ক গোয়েন্দাদের সহায়তা নেয়। একই সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফাকে আটক করে। ওই দিনই কনটেইনারটি জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গোলাম মোস্তফা জানান, লন্ডন থেকে তাঁর এক আত্মীয়ের পরামর্শে চালানটি খালাসের দায়িত্ব নেন তিনি। এ জন্য ঢাকা থেকে দুই ব্যক্তি তাঁকে কিছু নথি পাঠান। তাঁরা হলেন মোস্তফা কামাল ও আতিকুর রহমান। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত গতকাল রোববার প্রথম আলোর কাছে বলেন, ‘গোলাম মোস্তফা (খান জাহানের কর্মী) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে লন্ডনপ্রবাসী এক আত্মীয়ের পরামর্শে চালানটি খালাসের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে এই চালানে কোকেন বা অবৈধ কোনো পণ্য আছে কি না তা তাঁর জানা ছিল না বলে তিনি পুলিশকে বলেছেন।’
পুলিশের অতিরিক্ত উপকমিশনার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এ চালানটি খালাস করার তদারকের কাজ যুক্তরাজ্য থেকে হয়েছে। বাংলাদেশে খালাস করতে না পারলে অন্য কোনো দেশে চালানটি সরিয়ে নেওয়ারও চেষ্টা চলেছে।
উরুগুয়ের মন্টিভিডিও বন্দর থেকে অপরিশোধিত সূর্যমুখী ভোজ্যতেলের চালানটি গত ৮ মে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আমদানি চালানের তথ্য অনুযায়ী, এই তেল উরুগুয়ের বন্দর থেকে জাহাজীকরণ হলেও তা এসেছে বলিভিয়া থেকে। মাত্র একটি কনটেইনারের ভেতর ১০৭টি ড্রামে করে এই তেল আমদানি করা হয়। প্রতিটি ড্রামের ধারণক্ষমতা ১৮৫ কেজি। কনটেইনারটি বন্দর চত্বরে নামানো হয় ১২ মে। ৮ জুন বন্দর চত্বরে তেলের নমুনা পরীক্ষা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন মাদক শনাক্ত না হলেও উন্নত পরীক্ষার জন্য বিসিএসআইআর ও ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়। গত শনিবার শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান যে চালানের একটি নমুনায় তরল কোকেনের উপস্থিতি শনাক্ত হয়েছে।
চালানটি খালাসে আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মোস্তফা কামাল। গত শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানান, তাঁর মামাতো ভাই বকুল মিয়া যুক্তরাজ্যের নাগরিক। ১ জুন তিনি তাঁকে সূর্যমুখী তেলের চালানটি খালাসের অনুরোধ করেন। এ জন্য তাঁর কাছে নথিও পাঠানো হয়। বিষয়টি নিয়ে তিনি তাঁর ভাতিজা আতিকুর রহমানের সঙ্গে আলাপ করেন। পরে তাঁরা জানতে পারেন, ঋণপত্রসহ প্রয়োজনীয় অনেক নথি না থাকায় চালানটি খালাস করা যাবে না। এটি তাঁর ভাইকেও জানানো হয়।
মোস্তফা কামাল জানান, তাঁর ভাই বকুল মিয়া তাঁদের কাছে পাঠানো নথি খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফাকে দিতে বলেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন তিনি। বকুল মিয়ার সঙ্গে তাঁর পরিচয় আছে কি না তা জানতে চান। জবাবে গোলাম মোস্তফা তাঁকে জানান, লন্ডনে তাঁর খালাতো বোনের জামাই থাকে। নাম ফজলু। তিনিই তাঁকে (গোলাম মোস্তফা) চালান খালাসের দায়িত্ব দিয়েছেন।
তবে বকুল আর ফজলু একই ব্যক্তি কি না সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। বকুলের ফুফাতো ভাই মোস্তফা কামালও ফজলু নামের কাউকে চেনেন না।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান গতকাল প্রথম আলোর কাছে বলেন, ‘এই চালান আমদানির বেশ কিছু নথিপত্র, ই-মেইলে যোগাযোগের নথি আমাদের হাতে আছে। তদন্ত কমিটি জড়িত ব্যক্তিদের শনাক্ত করবে।’
এদিকে কোকেন শনাক্ত হওয়ার পর আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ গতকাল প্রথম আলোকে জানান, এই চালানের সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। যাঁরা চালান আমদানির সঙ্গে জড়িত তাঁদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।